
ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ
এবছর হতে চলেছে রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ সি পদমর্যাদার কর্মী নিয়োগের পরীক্ষা। যদিও এই পরীক্ষায় শূন্যপদের সংখ্যা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি, তবে প্রস্তুতি সেরে রাখতে আগামীকাল শুক্রবার থেকেই অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু করে দেবে পাবলিক সার্ভিস কমিশন। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৬ মার্চ পর্যন্ত www.pscwbapplication.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তবে লিখিত পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়নি এখনও।
এই পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে বাড়তি পাঁচ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে বাড়তি তিন বছর ছাড় দেওয়া হচ্ছে। সাধারণ প্রার্থীদের ফর্ম ফিল আপ করতে জমা দিতে হবে ১১৫ টাকা। তবে এসসি, এসটি এবং ওবিসিদের কোনো ফি জমা দিতে হবে না। পরীক্ষার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। লিখিত পরীক্ষা হবে দুই পর্বে। প্রথমে হবে মাল্টিপল চয়েজ ভিত্তিক লিখিত পরীক্ষা। সফল প্রার্থীদের ডাকা হবে মূল দ্বিতীয় পর্বের বিস্তারধর্মী লিখিত পরীক্ষায়। এতে উত্তীর্ণ হলে থাকবে বাংলা ও ইংরেজিতে টাইপ টেস্ট। দুটি লিখিত পরীক্ষার নম্বর এবং টাইপ টেস্টের যোগ্যতামান মিলিয়ে প্রস্তুত করা হবে চূড়ান্ত মেধাতালিকা।
গ্রুপ-সি পদমর্যাদার এই পরীক্ষার সফল প্রার্থীরা পে-ব্যান্ড দুটি স্কেলের অধীনে পড়বেন। তাঁদের ন্যূনতম ও সর্বোচ্চ বেতনক্রম হবে ৫৪০০ থেকে ২৫২০০ পর্যন্ত। গ্রেড-পে, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়িভাড়া ভাতা যোগ হবে এর সঙ্গে।
