পুজোয় সম্ভাবনা বৃষ্টির, জানাচ্ছেন আবহাওয়াবিদেরা

এবারে ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে শিলিগুড়িতে

অসমে বন্যা। বন্যায় ভাসছে দক্ষিণবঙ্গও। অথচ বন্যাপ্রবণ উত্তরবঙ্গে এই সময় মেঘের আনাগোনা একটু কম। এবারে জুলাই মাসে ভরা বর্ষার সময় বৃষ্টিপাত কম হওয়ায় কৃষি দপ্তর থেকে আবহাওয়াবিদরা সকলেই তাদের চিন্তার কথা জানিয়েছেন। কম বৃষ্টিপাত হওয়ায় সেচ দপ্তর অবশ্য বসে নেই। সামনে বৃষ্টি হবে ধরে নিয়ে তারা কন্ট্রোল রুম খুলে প্রস্তুত।

রাজ্য কৃষি দপ্তরের স্থানীয় আধিকারিক পার্থ রায় জানাচ্ছেন, গত ছ’বছরের হিসাব ধরে তাঁরা গড় বৃষ্টিপাতের একটা হিসেব করেছেন। সেই হিসেবে শিলিগুড়িতে এবারে ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে এখনও সময় আছে। জুলাইয়ের ১০ তারিখ থেকে আমন ধানের রোপণ শুরু হয়। আগস্টের ১৫ তারিখ পর্যন্ত চলে। কিন্তু এবারে তা অনেকটাই থমকে গিয়েছে। যদিও তাঁরা আশা ছাড়তে রাজি নন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ ডঃ সুবীর সরকার জানাচ্ছেন, বৃষ্টি পর্যাপ্ত হয়নি। তবে আতঙ্কের কিছু নেই। পুজোর সময়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। এবারে উত্তরবঙ্গে বর্ষার মনসুন মেঘ সক্রিয় হয়নি বলে সুবীরবাবু জানান। বহু বছর বাদে উত্তরবঙ্গে ভরা বর্ষার মরসুমে এত কম বৃষ্টি হল। শিলিগুড়ি সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের মতে, বছরে যেখানে ৩৫০০ মিলিমিটার গড় বৃষ্টিপাত হয় এখানে, এবার ১৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত বছর জুলাই মাসেই শিলিগুড়িতে বৃষ্টি হয় ১৬৬৫ মিলিমিটার। ২০১৬ সালে সারা বছর ধরে শিলিগুড়িতে বৃষ্টি হয় ৪৬৪৬ মিলিমিটার। গতবছর ২৪ জুলাইতে সবচেয়ে বেশি ৩৩৭ মিলিমিটার বৃষ্টি হয়। এবারে এখন পর্যন্ত ১০ জুলাই মাত্র ১২৩ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। গত ডিসেম্বরের পর থেকে যা বৃষ্টি হয়েছে তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। এখন বাকি সময়ের দিকে তাকিয়ে সকলে। তবে চিন্তা বাড়ছে চাষিদের।

Developed by DXDasia