লেখালিখিই প্রণবের অবসর জীবনের লক্ষ্য

‘দ্য ড্রামাটিক ইয়ার্স – দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স’-এর বাংলা পাণ্ডুলিপি টেবিলে এনে রেখেছেন ইতিমধ্যেই

অবসর জীবন শুরু হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ভবন থেকে ব্যক্তিগত সংগ্রহের বই ছাড়া আর কিছুই নিয়ে যাবেন না – জানিয়ে দিয়েছিলেন আগেই। তাঁর নতুন ঠিকানা – দশ নম্বর রাজাজি মার্গ তাই ভরে গিয়েছে বইয়ে।

কীভাবে কাটাবেন অবসর জীবন, তা নিয়ে এখনও মনস্থির না করলেও কয়েকটি বই লেখার চিন্তা ঘুরছে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায়। তাঁর  নিজের লেখা ‘দ্য ড্রামাটিক ইয়ার্স – দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স’-এর বাংলা পাণ্ডুলিপি ইতিমধ্যেই টেবিলে এনে রেখেছেন। সম্পাদনা শুরু করবেন শিগগিরি। পাশাপাশি, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অনেক অজানা তথ্য সহ একটি আত্মজীবনীও লিখবেন তিনি। লিখবেন রাষ্ট্রপতি ভবনের জীবন নিয়েও।

প্রণব বলেন, ‘এপিজে আব্দুল কালাম আমাকে প্রায়ই বলতেন, তুমি যত পড়ো, তত লেখো না। এবার সেই দুর্নাম দূর করতে হবে।’ কোনওরকম রাজনৈতিক উপদেষ্টা বা পরামর্শদাতার ভূমিকায় না থাকলেও, একটি থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত আলোচনাচক্র ও প্রকাশনা তৈরির পরিকল্পনা আছে, ভবিষ্যৎ সম্পর্কে এমনটাও জানান প্রণব মুখোপাধ্যায়।

Developed by DXDasia