
শিফটিং-এ ব্যস্ত কর্মী থেকে প্রণব কন্যা শর্মিষ্ঠাও
২৪ জুলাই প্রাক্তন রাষ্ট্রপতি হয়ে যাবেন প্রণব মুখোপাধ্যায়। আর রাষ্ট্রপতিভবন থেকে তাঁর নয়া ঠিকানা হতে চলেছে ১০, রাজাজি মার্গ। সেই দোতলা বাড়িতে শিফটিং চলছে এখন। মেয়ে শর্মিষ্ঠা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। রাষ্ট্রপতি ভবন থেকে যাচ্ছে কয়েক হাজার বই, প্রণববাবুর স্ত্রীর দুটি ছবি, ঠাকুরের সিংহাসন আরও কত কী।
এই দোতলা বাড়িতেই মৃত্যু পর্যন্ত কাটিয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। জানা গিয়েছে হাঁটুর সমস্যার কারণে নতুন বাড়িতে একতলাতেই থাকবেন প্রণব। দোতলায় থাকবেন তাঁর কন্যা সহ অন্যান্য পরিজনেরা। প্রণববাবুর ইচ্ছা অনুযায়ী নতুন বাড়ির সামনে গড়ে তোলা হয়েছে বাগান।
প্রণববাবুর ব্যক্তিগত সচিব প্রদ্যোৎ গুহ জানান, বইয়ের মধ্যেই অবসরে ডুবে থাকেন রাষ্ট্রপতি। আর অবসর জীবনে যে তার ব্যত্যয় হবে না বলাই বাহুল্য।
