শিশুদের পোলিও টিকাকরণ বন্ধ পাহাড়ে

বন্ধ হয়ে গিয়েছে আইসিডিএসের মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়াও

বহু শিশুর পোলিও টিকাকরণ বন্ধ। গর্ভবতী মায়েদের প্রসব হচ্ছে বাড়িতে। ভয়ানক অপুষ্টিতে পড়েছে হাজার হাজার শিশু। ফলে আগামী দিনে পাহাড়ের বহু শিশু পঙ্গু হয়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। লাগাতার পাহাড় বনধের জেরেই এই ভয়াবহ উদ্বেগজনক পরিবেশ তৈরি হয়েছে বলে শুক্রবার জেলাশাসক জয়সী দাশগুপ্ত জানান।

তাঁর কথায়, টানা বনধ চলতে থাকায় পাহাড়ে মা ও শিশু স্বাস্থ্য মুখ থুবড়ে পড়েছে। গর্ভবতী মহিলাদের প্রসববেদনা শুরু হলে তাঁদের আর সরকারি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না। কেননা অ্যাম্বুলেন্সে পেট্রোল নেই। পেট্রোল ভরার জন্য বারবার শিলিগুড়িতে পেট্রোল পাম্পে যাওয়াও সম্ভব হচ্ছে না। ফলে বাড়িতেই প্রসব হচ্ছে মহিলাদের। এতে এই আধুনিক বিজ্ঞানের যুগে পাহাড় পৌঁছে যাচ্ছে প্রাচীন যুগে।

এই বনধের জেরে শিশুদের পোলিও টিকাকরণ বনধ হয়ে গেছে। আইসিডিএসের মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। বনধ ও আগুনের জেরে আইসিডিএসের অনেক আটা নষ্ট হয়ে গিয়েছে। এই উদ্বেগজনক দিকের পাশাপাশি জেলাশাসক বলেছেন, আন্দোলনকারীদের আগুন লাগানোর জেরে ৪০টি গ্রাম পঞ্চায়েত অফিস পুড়ে গিয়েছে পাহাড়ে। সেইসব গ্রামপঞ্চায়েত অফিসগুলোতে একশোর বেশি কম্প্যুটার ছিল। কম্প্যুটারগুলোতে বার্ধক্য ভাতা, একশো দিনের কাজের সব নথি ছিল। অনেক ডিজিটাল রেশন কার্ডের নথিও ছিল। সব পুড়ে গিয়েছে। এখন সেইসব প্রকল্পের টাকা পাহারবাসীকে কীভাবে দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। নতুন করে সমীক্ষা করে হিসাব তৈরি করতে হবে। জেলাশাসকের হিসাবে, এই আন্দোলনে এখন পর্যন্ত ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। সত্তরটি অফিসে আগুন দেওয়া হয়েছে। তবে এবারে যে বিস্ফোরণ শুরু হয়েছে সেটাও মোর্চার মদতে নেপালের প্রাক্তন মাওবাদীদের নিয়ে এসে করানো হচ্ছে। প্রশ্ন উঠেছে, ২৯ তারিখের শান্তি বৈঠককে চাপে রাখতেই এই ধরনের বিস্ফোরণ ঘটানো হচ্ছে কিনা।

যদিও পর্যটনমন্ত্রী গৌতম দেব শুক্রবার বলেন, ২৯ তারিখের আলোচনা সফল হবে। মানুষই এখন পাহাড়ে বনধ উপেক্ষা করছে। প্রচুর গাড়ি এখন সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছে। সেভক পাহাড় খুলে গিয়েছে। বিস্ফোরণে যেসব ডিভাইস ব্যবহার করা হয়েছে তা বাইরে থেকে এসেছে বলেই মনে করা হচ্ছে বলে গৌতম দেব জানান। পাহাড়ের মানুষের স্বার্থেই আন্দোলন প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন গৌতমবাবু।

Developed by DXDasia