ভয়াবহ আগুন থেকে সদ্যোজাত শিশুদের বাঁচালেন ট্রাফিক সার্জেন্ট

পুলিশ অফিসারের অসম সাহসিকতার সাক্ষী থাকল শহরবাসী

আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় ডায়মন্ড হারবার রোডের একটি বেসরকারি নার্সিংহোম। পাশের এক কোচিং সেন্টারেও আগুন ছড়িয়ে পড়ে। সেই অবস্থায় নিজের জীবন বিপন্ন করে কোচিং সেন্টারে পড়ুয়া, নার্সিংহোমের সদ্যোজাত শিশু সহ প্রত্যেকের জীবন রক্ষা করে নজির গড়লেন ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের কর্তব্যরত এক অফিসার।

জানা গেছে, সেই অসম সাহসী ট্রাফিক সার্জেন্টের নাম কৃষ্ণ দাস। অগ্নিকাণ্ডের খবর পেয়েই তিনি ছুটে যান ডায়মন্ড ভিউ নার্সিংহোমে, যার মেইন গেট তখন দাউদাউ করে জ্বলছিল। সেখানে আটকে পড়েছিল আগের রাতে জন্মানো ৮টি শিশু এবং তাদের সদ্যপ্রসূতি মায়েরা। পাশের রাইস কোচিং সেন্টারের আগুন ছড়িয়ে পড়ায় ওখানকার পড়ু্যাদেরও বিপদের সম্ভাবনা তৈরি হয়।

এরকম পরিস্থিতিতে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে নার্সিংহোমের গেটে আগুন নেভানোর চেষ্টা করেন সেই ট্রাফিক সার্জেন্ট। তারপর ভেতরে ঢুকে সবাইকে উদ্ধার করেন একে একে। তাদের জন্য গাড়ি আর অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেন। ইতিমধ্যে তাঁর দেওয়া খবর পেয়ে ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের বিশেষ টিম পৌঁছে গেছে ঘটনাস্থলে। ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জও চলে এসেছেন। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে বাকিদের উদ্ধার করতে লেগে পড়েন কৃষ্ণ দাস। কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদেও নিরাপদে বার করা হয়। চলে আসে দমকলও। সবার পরিশ্রমে শেষ পর্যন্ত প্রাণহানি এড়িয়ে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ছবি কৃতজ্ঞতা – কলকাতা পুলিশ 
 

Developed by DXDasia