পুলিশের তৎপরতায় ঘরের মানুষ ফিরলেন ঘরে

২০১৪-র মার্চ মাসে জামুরিয়া হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি

ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে তিন বছর। সোমবার বিকেলে ৩৪ জম্বর জাতীয় সড়ক ধরে উদ্দেশ্যহীন ভাবে এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। নাম ঠিকানা, কিছুই বলতে পারছেন না তিনি। ফোন যায় মধ্যমগ্রাম থানায়। ওই ব্যক্তিকে উদ্ধার করে আনে পুলিশ। মানসিক ভারসাম্যহীন তিনি, নাম ঠিকানা বলতে পারছিলেন না কিছুতেই। আলাপ জমানার পর, পুলিশ ধীরে ধীরে জানতে পারে, আসানসোলে তাঁর বাড়ি।

এরপরেই, আসানসোলের বিভিন্ন থানায় খোঁজ নেওয়া শুরু হয়। বেশিরভাগ থানাই জানান, এই বয়সী ব্যক্তির নিরুদ্দেশ সংক্রান্ত কোনও তথ্য নেই সদ্য অতীতে। অনেক খোঁজের পর, আসানসোল দক্ষিণ থানা থেকে খবর পাওয়া যায়, ২০১৪-র মার্চ মাসে জামুরিয়া হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছিলেন নির্মল গড়াই নামে এক ব্যক্তি। মানসিক ভারসাম্যহীন তিনি। তাঁর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করা হলে, চেহারার বিবরণ ও ছবি মিলে যায়। মধ্যমগ্রামে এসে হাজির হয় পরিবার। নিশ্চিত হওয়ার পর, পুলিশ পরিবারের হাতে তুলে দেয় ওই ব্যক্তিকে। 

ছেলে বাবি গড়াই বলেন, ‘এ ক-বছর বাবাকে কত খুঁজেছি! হাল ছেড়ে দিয়েছিলাম। আজ পুলিশের জন্যই বাবাকে পেলাম।’ আসানসোলের বাড়িতে এখন খুশির আমেজ। ভিড় করেছেন প্রতিবেশীরা। 
 

Developed by DXDasia