মায়ের শ্রাদ্ধবাসরে গাছ-রোপণ: অনন্য বার্তা সৈকতের

‘জন্মদিন, বিয়ে-সহ সমস্ত উৎসবেই উপহার হোক চারাগাছ’

মায়ের পারলৌকিক ক্রিয়ার দিন বাড়ির উঠোনে ছাতিম চারা লাগিয়েছিলেন ছেলে সৈকত। তারপর একটা বছর কেটেছে। যত্ন পেয়ে সেই চারাও বড়ো হয়েছে। মায়ের মতোই তাকে আগলে রেখেছেন সৈকত পাত্র। যিনি আর নেই, তাঁর স্মৃতি যেন ঘিরে আছে এই গাছটিকে।

সৈকত হাওড়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতির একজন সদস্য। দীর্ঘদিন ধরেই প্রকৃতি, পরিবেশ নিয়ে কাজ করছে এই সমিতি। বটগাছের ঝুরি সংরক্ষণ থেকে শুরু করে গাছে পেরেক মারতে না দেওয়া, পরিবেশ বান্ধব ব্যাগের সপক্ষে প্রচার—সৈকত জড়িয়েছিলেন এই সমস্ত উদ্যোগের সঙ্গেই। মাধবপুর পরিবেশ চেতনা সমিতি-র সদস্যরা মিলেই ঠিক করেছিলেন, বিয়ে-অন্নপ্রাশন-জন্মদিন সহ যে কোনো সামাজিক উৎসবে উপহার হিসেবে দেওয়া হবে গাছের চারা। এতে সৌহার্দ্য আর পরিবেশ নিয়ে বার্তা দুই-ই একসঙ্গে হবে। সেই সংস্কৃতিকেই আরো গভীরে পৌঁছে দিয়েছে সৈকতের এই উদ্যোগ। নিজের মায়ের শ্রাদ্ধবাসরেও গাছের চারা লাগিয়েছেন তিনি।

মাধবপুর পরিবেশ চেতনা সমিতির প্রধান মুখ জয়িতা কুণ্ডু বলছিলেন, তাঁদের পক্ষ থকে অনুরোধ পেয়েই রাজি হয়ে গেছিলেন সৈকত। মায়ের মৃত্যুশোকের মধ্যেও তিনি নিজের হাতে পরিচর্যা করেছেন ‘রাজ্য উদ্ভিদ’ ছাতিম চারাটির। যেন বার্তা দিতে চেয়েছেন বাকিদেরও। পৃথিবীটা ক্রমশ ফুটছে, সবুজ কমছে। সেখানে সুখে-দুঃখে সঙ্গী হোক সবুজ।  

Developed by DXDasia