
ব্যক্তিগত সংগ্রহের দুর্মূল্য জিনিস দান করা যাবে ভিক্টোরিয়ায়
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দর্শকের ভিড় ক্রমশ বাড়ছে। মানুষকে আকর্ষণ করতে আরও বেশ কিছু পরিকল্পনা নিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। আসন্ন শীতে খোলা হতে চলেছে আরও চারটি গ্যালারি। যাঁদের ব্যক্তিগত সংগ্রহে দুর্মূল্য সব জিনিস রয়েছে, অথচ রক্ষণাবেক্ষণে দেখা দিয়েছে সমস্যা, তাঁরা ইচ্ছে করলে সেই জিনিসগুলি দান করতে পারবেন ভিক্টোরিয়ায়।
ইতিমধ্যেই ব্যক্তিগত প্রদর্শশালা থেকে বহু জিনিস দান করার প্রস্তাব ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে এসেছে। তার মধ্যে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কলম। এক চিত্রগ্রাহকের বেশ কিছু ছবি দান করার প্রস্তাবও এসেছে। ভিক্টোরিয়ায় অবন ঠাকুরের ছবির ওপর যে প্রদর্শন আছে, সেখানে অবনীন্দ্রনাথের কলমগুলি রাখা হবে বলে জানা গেছে। ব্যক্তিগত সংগ্রহের জিনিস করার যে ক’টা প্রস্তাব ভিক্টোরিয়ায় এসেছে, তার মধ্যে কয়েকটি প্রস্তাবে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ রাজি হলেও বেশ কিছু প্রস্তাব নাকচও করে দিয়েছে। জিনিসের গুরুত্ব বুঝেই তবেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত।
