যুব বিশ্বকাপের পার্কিং সুভাষ সরোবরে

তৈরি হতে চলেছে ১ হাজার গাড়ি রাখার একটি পার্কিং লট

মাত্র ৫০ দিন পরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে যুব বিশ্বকাপ ফুটবল। আয়োজন তুঙ্গে শহরে। তারই অঙ্গ হিসেবে, সুভাষ সরোবরে তৈরি হতে চলেছে ১ হাজার গাড়ি রাখার একটি পার্কিং লট। 

ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে, খেলোয়াড়, কর্মকর্তা-সহ এই আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদেরই গাড়ি একমাত্র রাখা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বাকি দেশি-বিদেশি বিভিন্ন নিমন্ত্রিত ও দর্শকের গাড়ি রাখা হবে  সুভাষ সরোবরের নির্দিষ্ট পার্কিং লটে। স্টেডিয়াম থেকে গাড়িতে সাত মিনিট দূরের সুভাষ সরোবরে গাড়িগুলি স্টেডিয়াম থেকে বেরিয়ে ইএম বাইপাস হয়ে ঢুকবে। আবার, গাড়ি বেরনোর সময় ব্যবহার করা হবে নারকেলডাঙা রোড। পার্কিং-এর জায়গা ও অন্যান্য পরিকাঠামো তৈরি করতে বরাদ্দ করা হয়েছে ১১ কোটি টাকা। 

কেএমডিএ সূত্রে খবর, সুভাষ সরোবরের নারকেলডাঙা সংলগ্ন অংশটি মেট্রো রেলের কাজ চলায় পরিত্যক্ত হয়েছিল। মেট্রো রেল ব্রিজের নিচের ওই অংশেই পার্কিং তৈরি হবে যা ২০ হাজার বর্গফুট বিস্তৃত। সরোবরের ভিতরের রাস্তায় বিটুমিন হচ্ছে, লাগানো হবে হাই-মাস্ট আলোও। থাকবে পর্যাপ্ত বায়ো-টয়লেট, পানীয় জলের ব্যবস্থাও। কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫ সেপ্টেম্বর। তবে, যুব বিশ্বকাপ শেষ হলে ভেঙে দেওয়া হবে পার্কিং। 

Developed by DXDasia