অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বেরল গয়না, কয়েন, হাতঘড়ি

বীরভূমের সেই মহিলা অস্ত্রোপচারের পর সুস্থই আছেন

অসহ্য পেটের ব্যথা হওয়ায় এক মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন বাড়ির লোকেরা। এক্স-রে রিপোর্ট দেখে তো ডাক্তার তাজ্জব। পেটের ভেতর জমা রয়েছে অনেক ধাতব পদার্থ। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন তিনি।

বীরভূমের অনন্তপুর গ্রামের বাসিন্দা সেই মহিলার নাম রুনি খাতুন। বছর ২৬-এর সেই মহিলা মানসিক অসুস্থতার শিকার। তাঁর বাড়ি থেকে মাঝেমাঝেই উধাও হয়ে যেত নানা রকম ছোটোখাটো জিনিসপত্র। চুরির কোনো প্রমাণ ছিল না, তাই বাড়ির লোকেরা কিছুতেই বুঝে উঠতে পারতেন না আসল ব্যাপারটা। এরই মধ্যে শুরু হয় রুনির পেটে অসহ্য যন্ত্রণা। ডাক্তারের কাছে নিয়ে গেছে সব রহস্যের অবসান ঘটে। সম্ভবত খিদে পেলে সামনে যা পেতেন, গিলে ফেলতেন তিনি।

রামপুরহাট হাসপাতালে অস্ত্রোপচারের পর সেই মহিলার পেট থেকে পাওয়া গেছে দেড় কেজির বেশি গয়না, কয়েন আর হাতঘড়ি। কিছু সোনার গয়নাও ছিল সেগুলোর মধ্যে। এখন সুস্থই আছেন রুনি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর বাড়ির লোকজনও। হারানো জিনিসপত্রের হদিস পাওয়ার চেয়েও রুনি সেরে ওঠাতে বেশি আনন্দিত হয়েছেন তাঁরা। 

Developed by DXDasia