মৃত্যুর পরেও অঙ্গদানে ৫ জনের জীবন বাঁচালেন মেমারির যুবক

দান করা হল হৃদযন্ত্র, কিডনি, লিভার ও কর্নিয়া

ফের অঙ্গদানের নজির কলকাতায়। একজনের অঙ্গদানে জীবন পাবেন পাঁচজন। সোমবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মেমারির যুবক চিন্ময় ঘোষের। গত সপ্তাহে বুধবার চিন্ময়ের স্কুটিতে ধাক্কা মারে একটি লরি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান থেকে নিয়ে আসা হয় কলকাতায়। সেখানেই গতকাল দুপুরে ব্রেন ডেথ হয় তাঁর। এরপরই, চিন্ময়ের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন অঙ্গদানের। দান করা হচ্ছে তাঁর লিভার, কিডনি, হৃদযন্ত্র, কর্নিয়া।

ডানকুনির সুরজিৎ পাত্র পাচ্ছেন চিন্ময়ের হৃদযন্ত্র। তিনি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ায় হৃদযন্ত্র প্রতিস্থাপন ছাড়া উপায়ান্তর ছিল না তাঁর। চিন্ময়ের লিভার ও কিডনি পাঠানো হচ্ছে এসএসকেএমে। আরেকটি কিডনি পাঠানো হবে অন্য একটি বেসরকারি হাসপাতালে। চিন্ময়ের ত্বকও সংরক্ষণ করা হচ্ছে।

এই মাসেই কলকাতার অঞ্জনা ভৌমিকের মৃত্যুর পরেও অঙ্গদানের নজির দেখেছিল কলকাতা। মেমারির যুবক চিন্ময়ের মৃত্যুর পরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। পাঁচজন উপকৃত হবেন চিন্ময়ের অঙ্গদানে। মৃত্যুর পরেও পাঁচটি প্রাণের ভিতর জুড়ে থাকবেন চিন্ময়। 

Developed by DXDasia