
বেনজির উদ্যোগ পূর্ব বর্ধমানে
ট্রাফিক সচেতনতা অভিযানে পেঁয়াজকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছিল পূর্ব বর্ধমানের একটি ক্লাব। এবার, প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং প্লাস্টিক বর্জনকে উৎসাহিত করতে এই ক্লাব ফের পেঁয়াজকে হাতিয়ার করল।
মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি নামের এই ক্লাব এবার বিনামূল্যে পেঁয়াজ বিতরণ করছে। তবে, তার বদলে ক্লাবের হাতে তুলে দিতে হচ্ছে সিঙ্গল ইউজড বা একবার ব্যবহৃত প্লাস্টিক। তিন কেজি ওজনের একবার ব্যবহৃত প্লাস্টিক জমা করলে মিলছে এক কেজি পেঁয়াজ। দেড় কেজি প্লাস্টিকের বদলে ৫০০ গ্রাম পেঁয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের কৃষিমেলায় স্টল সাজিয়ে বসেছে ক্লাবটি। সেখানেই মিলছে এই সুবর্ণ সুযোগ।
বৃহস্পতিবার থেকে মেমারির রসুলপুর অনাথ সমিতির মাঠে চলছে কৃষিমেলা। শেষ হবে শনিবার। গতকাল মেলার উদ্বোধন করেন মেমারির বিধায়ক নার্গিস বেগম। সেখানে এই ক্লাব প্লাস্টিকের বদলে পেঁয়াজ বিতরণের পাশাপাশি মাটির বাসনপত্র বিক্রি করছে, ‘সেফ ড্রাইফ সেভ লাইফ’ নিয়েও চালাচ্ছে প্রচার।
