
রাজ্য পরিবহন দপ্তরের এই অভিনব সুবিধা চালু থাকবে পুজোর পাঁচদিন
হপ অন অফ অফ পরিষেবা। পুজোর কদিন এই সুযোগ আনতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। মাত্র ৭৫ টাকা খরচে ঘুরিয়ে দেখানো হবে শহরের প্রত্যেকটি নামকরা পুজো। পায়ে হেঁটে নয়, এসি, নন-এসি বাসে। আবার, শুধু বাসই নয়, এক টিকিটে ঘোরা যাবে সরকারি বাসে, ট্রামে, ভেসেলেও।
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য – এই পাঁচভাগে ভাগ করা হয়েছে কলকাতাকে। প্রত্যেকটি এলাকার বড়-বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে একেকটি রুট। ভ্রমণকারীরা বাসে করে একেবারে প্যান্ডেলের দোরগোড়ায় নামতে পারবেন। সেখান থেকে ঠাকুর দেখে বেরোতে-না-বেরোতেই পিছনের বাস এসে হাজির হবে পরের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য। দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।
পাশাপাশি, মধ্য কলকাতার পুরনো পুজোগুলি ও বনেদি বাড়ির পুজোও ঘুরিয়ে দেখানো হবে ট্রামে। হ্যাঁ, ওই একটি ৭৫ টাকার টিকিটেই।
