
বিদ্যুতের খরচ কমাতে নজিরবিহীন উদ্যোগ
আমাদের রাজ্যে প্রথমবার একসঙ্গে অনেকগুলো সৌর আলোয় ভরে উঠছে কোনো শহর। বিদ্যুতের সাশ্রয় করতে গোটা নিউ টাউন জুড়ে লাগানো হবে এক হাজার সোলার লাইট। বিদ্যুতের খরচ বাঁচিয়ে সেই অর্থ ব্যবহৃত হবে উন্নয়নের অন্যান্য কাজে।
নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ সিদ্ধান্ত নিয়েছে, শহরের রাস্তায় ইলেকট্রিক পোলগুলিতে লাগানো হবে স্টাড লাইট। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে মেজর আর্টিয়াল রোড এবং বিশ্ব বাংলা সরণিতে এই ধরনের আলো দেওয়া হয়েছে। বাকি রাস্তাগুলিতে সৌর আলো বসাতে টেন্ডার ডাকা হবে শিগগিরই।
সূর্যের থেকে সারাদিন শক্তি সংগ্রহ করে স্টাড আলো একটানা ৯ ঘণ্টার মতো জ্বলতে পারে। পরিকল্পনা নেওয়া হয়েছে, যখন রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকবে, তখন সৌর আলোর তীব্রতা বাড়ানো হবে, আর গাড়ি কমে গেলে আলোর তীব্রতাও কমিয়ে দেওয়া হবে।
