গগনচুম্বী পাঁচতারা হোটেলের দরজা খুলছে আজ

আইটিসি গ্রুপের দ্বিতীয় সুপার-লাক্সারি হোটেল রয়্যাল বেঙ্গল

কলকাতা শহরে আইটিসি গ্রুপের দ্বিতীয় সুপার-লাক্সারি হোটেল রয়্যাল বেঙ্গলের দ্বারোদঘাটন হতে চলেছে আজ মঙ্গলবার। ২০০২ সালে কলকাতায় প্রথমবার পা রেখেছিল আইটিসি সোনার। বাইপাসের ধার ঘেঁষে যাওয়ার সময় নির্মীয়মাণ রয়্যাল বেঙ্গলের এই অট্টালিকা নজর কাড়েনি, এমন মানুষ খুব কমই আছেন। ৪.১৬ লক্ষ বর্গফুটের উপর নির্মিত এই হোটেলের শিখরের উচ্চতা সত্যিই গগনচুম্বী, ৪৩৬.৩৫ ফুট।

এখানে মোট ৪৫৬টি ঘর এবং স্যুট থাকছে শহরের নবতম আইকনে, যার মধ্যে ৩৭৪টি ঘর এবং স্যুট (যার মধ্যে ১০৪টি বিলাসবহুল স্মার্ট রুম), ৮২টি সার্ভিসড অ্যাপার্টমেন্ট, ১২টি রেস্তোরাঁ এবং ৫,৬৩০ বর্গমিটারের বিপুল ব্যাঙ্কোয়েট-সহ ১৫টি মিটিং ভেন্যু। এছাড়াও থাকছে ‘কায়া-কল্পা, দ্য রয়্যাল স্পা’ পরিষেবার সুবিধা। ৩৬০টি ঘরের মধ্যে ২৫৬টি ঘর থাকছে ‘টাওয়ার এক্সক্লুসিভ’ গোত্রে, যার আয়তন ৫২৭ বর্গফুট। বাকি ১০৪টি ঘর হল ৭৩০ বর্গফুটের ‘আইটিসি ওয়ান’ প্রিমিয়াম গোত্রের স্মার্ট রুম। এর সঙ্গে থাকছে ১,০০০ বর্গফুট এবং ১৪০০ বর্গফুটের ১-২ বেডরুম সার্ভিসড অ্যাপার্টমেন্ট। এতেও যদি মন না ভরে তবে ১০৫৬ বর্গফুটের ১২টি লাক্সারি স্যুটের যে কোনও একটি ব্যবস্থাও আছে। বাকি ৬,৬২০ বর্গফুটের ‘দ্য গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুট’ এবং ৩,৫০০ ‘দ্য প্রেসিডেন্সিয়াল স্যুট’ এ থাকছে বিলাসিতার সবরকম উপকরণ।

উদ্বোধন উপলক্ষ্যে রয়্যাল বেঙ্গলের বুকিংয়ে চলছে বিশেষ ছাড়। হোটেলের ওয়েবসাইট থেকে চলতি মাসের শেষের দিকে ঘর বুক করতে গেলে ১০,৫০০-১৫,২৫০ টাকা (কর ছাড়া) খরচ করতে হবে। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী আজ উদ্বোধনে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Developed by DXDasia