বন্ধ হয়ে যাচ্ছে ইলোরা, মিনি রথীন্দ্র, দর্পণা সিনেমাহল?

১৯ জুলাই থেকে হল বন্ধ হয়ে যাবার সিদ্ধান্ত

আজ সাংবাদিক বৈঠকে সিঙ্গেল স্ক্রিন মালিকরা হয়তো জানাবেন, ১৯ জুলাই থেকে হল বন্ধ হয়ে যাবার সিদ্ধান্ত। কিন্তু কেন? জানা যাচ্ছে, দেশের অন্যান্য রাজ্যে যেখানে সার্ভিস চার্জ ২০-২৫ টাকা, সেখানে এই রাজ্যে মাত্র ২-৩ টাকার সার্ভিস চার্জে কাজ করতে হয়। আর কোনোই আশার আলো দেখছেন না কলকাতার ঐতিহ্যবাহী ইলোরা এবং মিনি রথীন্দ্র সিনেমাহল। বেহালার ইলোরা সিনেমাহল ভেঙে নাকি একটি শপিং মল তৈরি করা হবে। সেই চেনা ছবি। সোদপুরের সবচেয়ে পুরোনো সিনেমাহল মিনি রথীন্দ্র ভাঙা হবে কিনা তা এখনও জানা যায়নি। নানা জটিলতায় এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর পুরোনো সিঙ্গেল স্ক্রিন। ব্যবসায় ভাঁটা পড়ছে বাংলা ছবির। এদিকে উত্তর কলকাতার হাতিবাগান সংলগ্ন দর্পণা-র পক্ষ থেকে কোনও চিঠি দেওয়া না হলেও এই সিঙ্গেল স্ক্রিনও যে বেশিদিন খোলা থাকবে না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

আর্টিস্ট ফোরামের প্রধান মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এইভাবে যদি একের পর এক সিনেমাহল বন্ধ হয়ে গিয়ে শুধুমাত্র মাল্টিপেক্সগুলিই বেঁচে থাকে, তাহলে চিরতরে হারিয়ে যাবে বাংলা ছবির এক একটি সম্পদ, ক্ষয়ে যাবে সমস্ত স্মৃতি। সমাধানের উপায় তবে কী? পশ্চিমবঙ্গ সিনেপ্রেমীদের জিজ্ঞাস্য এখন একটাই।

Developed by DXDasia