গাছকে বড়ো করে তুললে, তবেই মিলবে পরীক্ষায় নম্বর

বর্ধমানের কেতুগ্রামের স্কুলের বেনজির উদ্যোগ

পরিবেশ সচেতনতা বাড়াতে বেনজির সিদ্ধান্ত নিল বর্ধমানের কেতুগ্রাম-২ ব্লকের বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয়। নম্বর পেতে গেলে শুধু গাছ পুঁতলেই হবে না, পরিচর্যা করে বড়োও করে তুলতে হবে সেই গাছকে। তাহলেই মিলবে ১০ নম্বর। স্কুল কর্তৃপক্ষের মতে, এর ফলে গাছ পরিচর্যায় যত্নশীল হবে ছাত্রছাত্রীরা। আর, এভাবে গাছকে বড়ো করে তোলার ভিতর দিয়ে পরিবেশ-সংবেদীও হয়ে উঠবে তারা।

বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির জীবন বিজ্ঞানের প্রোজেক্টে বাধ্যতামূলক করা হয়েছে এই গাছ-পরিচর্যাকে। শুধু বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয়েই নয়, একই ব্লকের কেঁউগুড়ি উচ্চ বিদ্যালয়েও একই উদ্যোগ নেওয়া হয়েছে। কেতুগ্রাম-২ ব্লকের মোট ১৪৩টি স্কুলচত্বরে বসানো হয়েছে গাছ। সেইসব গাছকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন পরিচর্যা। স্কুলের নতুন নিয়মে ছাত্রছাত্রীরা গাছের যত্ন নেবে। প্রয়োজনীয় সার ও অন্যান্য জিনিসপত্র দেবে স্কুলই। নম্বর পাওয়ার জন্যে হলেও এইভাবে গাছেদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে ছাত্রছাত্রীদের। সেই সম্পর্ক ক্রমে ঘন হবে। তখন আর নম্বরের বাধ্যবাধকতার প্রয়োজন পড়বে না। স্কুল কর্তৃপক্ষ স্বপ্ন দেখছেন। তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকার সবাই।  

Developed by DXDasia