নোটা বিতর্কে সুপ্রিম কোর্টে ধাক্কা কংগ্রেসের

৮ অগস্ট গুজরাট রাজ্যসভা ভোট নিয়ে চিন্তায় কংগ্রেস

নোটা বিতর্কে সুপ্রিম কোর্টে ধাক্কা কংগ্রেসের। আগামী মঙ্গলবার গুজরাটে রাজ্যসভা নির্বাচন। তার আগে নোটা বিকল্পের বিরোধিতা করে আবেদন জানিয়েছিল কংগ্রেস। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়েছিল তারা। বৃহস্পতিবার শীর্ষ আদালত কংগ্রেসের এই আবেদন খারিজ করেছে। সেই সঙ্গে তিরস্কারও জুটেছে কপালে। আদালত প্রশ্ন তুলেছে, ‘২০১৪ সালের জানুয়ারি মাসে নোটা বিকল্পের বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। এটা ২০১৭ সাল। এর মধ্যেও তো রাজ্যসভা নির্বাচন হয়েছে। তাহলে তখন কেন নোটা বিকল্পের বিরোধিতা করেননি?

আগামী ৮ আগস্ট গুজরাটে রাজ্যসভা নির্বাচন। কংগ্রেসের আহমেদ প্যাটেলকে হারাতে মরিয়া বিজেপি। বিধায়ক ভাঙানোও চলছে। ৬ বিধায়ক ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। বেঙ্গালুরুর রিসর্টে ৪০ জন দলের বিধায়ককে কোনওরকমে আটকে রেখেছে কংগ্রেস। তার মধ্যে গোল বেঁধেছে নির্বাচন কমিশনের নোটা বিকল্প। নোটা–র অর্থ কাউকে ভোট না দেওয়ার সুযোগ। কংগ্রেসের অভিযোগ মোদি–শাহর নির্দেশেই নোটা বিকল্প নিয়ে আসা হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য সেই অভিযোগ খারিজ করেছে।

Developed by DXDasia