ফের বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গ

চার জেলা মিলিয়ে কয়েক লক্ষ মানুষ জলবন্দি

সোমবার উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উত্তর দিনাজপুরের অবস্থার অবনতি হয়েছে। ডালখোলার কাছে রাস্তার ওপর দিয়ে জল রয়েছে। ফলে কলকাতার সঙ্গে বাস যোগাযোগেও সমস্যা তৈরি হয়েছে। অনেক এনবিএসটিসির বাস এদিন বাতিল হয়েছে। আবার ট্রেন যোগাযোগও স্বাভাবিক হয়নি। সোমবার বিকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। ফলে আবার উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

গত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভুটানে অতিরিক্ত জল ছেড়ে দেওয়াতে তোর্সা নদীর অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। ফলে আলিপুরদুয়ার ও কোচবিহারের অবস্থা খারাপ হয়ে ওঠে। চার জেলা মিলিয়ে কয়েক লক্ষ মানুষ জলবন্দি। বিভিন্ন স্থানে ত্রাণ বণ্টন শুরু হয়েছে। কোচবিহারের কিছু কিছু ব্লক জলে বন্দি হয়ে পড়েছে। খোলা হয়েছে সব ত্রান শিবির। তবে রেল যোগাযোগ এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিষানগঞ্জের কাছে রেললাইনের ওপর দিয়ে জল বইছে। রেল কর্তারা অবশ্য জানাচ্ছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুরোদমে কাজে নেমেছেন। এই বন্যা জনিত পরিস্থিতি নিয়ে সোমবার পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়িতে জরুরি বৈঠক করেন। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পুরোদমে কাজে নামা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিন্দ্রনাথ ঘোষও বন্যা বিধ্বস্ত এলাকায় ঘুরে ত্রান পৌঁছানোর জন্য সোমবার কাজে নামেন। শিলিগুড়ি হিলকার্ট রোডে অ্যাসোসিয়েশন ফর ফেসবুক ফ্রেন্ডস থেকে একটি স্টল খোলা হয়। সংস্থার তরফে মধুসুদন অধিকারী জানান, বন্যার পর যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসার প্রয়োজন হলে তারা যোগাযোগ করে কাজে নেমেছেন। তিন দিন ধরে শিলিগুড়ি হিলকার্ট রোডে তাদের স্টল চলবে। গোটা উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের প্রতি নজর রেখে তারা কাজ করছেন। তবে ত্রাণের এখন কোনও সমস্যা নেই। ব্লক প্রশাসন থেকে সর্বত্র ত্রাণ সরবরাহ করা হচ্ছে। 

Developed by DXDasia