
পুরনো ইভিএম দিয়েই চালাতে হবে কাজ
ভোটযন্ত্রে কোনও প্রার্থীকে পছন্দ না করার অধিকারকে সম্মান জানিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সাত পুরসভার ভোটে ইভিএম-এ থাকছে না নোটা। কারণ নোটার বাটন যুক্ত নতুন ইভিএম যোগান দিতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। তাই বিগত পুর নির্বাচনে ব্যবহার করা ইলেকট্রনিক ভোটিং মেশিনেই কাজ চালাতে হবে এবার।
পাহাড় এবং সমতল মিলিয়ে পশ্চিমবঙ্গের সাত পুরসভায় এবার ভোট। ২০১৩-য় সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএম বা ব্যালটে ‘নান অফ দ্য অ্যাবাভ’ থাকার কথা। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বই পুরসভার ভোটে অনেকটাই প্রভাব ফেলেছিল নোটা। কমপক্ষে ৮৭ লক্ষ মানুষ নোটায় ভোট দেন। কিন্তু এ রাজ্যের পুর নির্বাচনে আর সেই সম্ভাবনা রইল না। দলগুলির নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকেই ভোটদাতাদের বেছে নিতে হবে। আপাতত ভোট দিতে বুথে গিয়ে সকলকে না বলার কোনও সুযোগ নেই জনগণের।
