বাজির দূষণ নয়, দীপাবলি কাটুক মাটি-প্রদীপের আলোয়: পথে নেমে বার্তা হাওড়ায়

দূষণ কমানোর পাশাপাশি বাংলার প্রদীপ-শিল্পকে বাঁচানোরও উদ্যোগ

কালীপুজো আসছে। শব্দবাজির তাণ্ডবও শুরু হব হব। প্রশাসনের নজরদারি এবং সচেতনতা নির্মাণের পরেও শব্দবাজির দাপাদাপি বন্ধ করা সম্ভব হয়নি রাজ্যজুড়ে। সেইসঙ্গে নতুন জুড়েছে ডিজের উৎপাত। শব্দবাজি এবং ডিজের যৌথ দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ওঠেন অনেকেই। কুকুর-বিড়াল-পাখিদের অবস্থাও হয় শোচনীয়। এরই সঙ্গে আতসবাজির দূষণও রয়েছে। এই দূষণের বিরুদ্ধে বার্তা দিতেই হাওড়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতির ডাকে পথে নামলেন অনেকে। বাজি বা ডিজে নয়, এবারের কালীপুজো-দীপাবলিতে আলো ছড়াক দেশীয় প্রদীপ, এটাই ছিল মূল বার্তা।

মাধবপুর পরিবেশ চেতনা সমিতির প্রধান মুখ জয়িতা কুণ্ডু বলছিলেন, আসন্ন কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজোয় শব্দবাজির পাশাপাশি বেশি দূষণ ছড়ায় এমন আতসবাজি পোড়ানোরও বিরোধিতা করছেন তাঁরা। এর বদলে দেশীয় মাটির প্রদীপের আলো দিয়ে দীপাবলি উদযাপনের বার্তা দিতেই পথে নেমেছেন সবাই মিলে। ইদানীং চিনা বাতিতে ছেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাজার। মার খাচ্ছে মাটির প্রদীপ তৈরির শিল্প। বাজি বর্জন করে মাটির প্রদীপে ঘর সাজালে পরিবেশ দূষণের হাত থেকে যেমন বাঁচা যাবে, তেমনই প্রাণ পাবে বাংলার প্রদীপ তৈরির সাবেক শিল্পও। যে-কারণে, পোস্টারের পাশাপাশি ‘দীপান্বিতা’ প্রদীপ হাতেও মিছিলে হেঁটেছে তরুণ-তরুণীরা। মাধবপুর পরিবেশ চেতনা সমিতির পক্ষ থেকে উলুবেড়িয়া থানার আইসির হাতেও তুলে দেওয়া হয়েছে মাটির প্রদীপ।

Developed by DXDasia