পরিবেশ বাঁচাতে রাস্তায় নামলেন মহিলারা

এখন থেকে প্রায়ই এলাকার দূষণ ঠেকাতে ময়দানে নামবেন মাল মহকুমার মহিলারা

এবার ঝাঁটা হাতে নির্মল বাংলার কাজে নামলেন দুশোর বেশি মহিলা। জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ওয়াসাবাড়ি চা বাগানের পাশে কলাগাধি, জলসা বস্তি, টোটগাঁও, মুক্তার বস্তি সহ আরও অনেক গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশ দূর করার জন্যেই তাঁদের এই উদ্যোগ। এখন থেকে গ্রুপ করে প্রায়ই এলাকার দূষণ ঠেকাতে ময়দানে নামবেন বলে জানিয়েছেন তাঁরা।

এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরন ঘিমিরে জানান, মহিলাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে তাঁরাও শুরু করতে চলেছেন বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম পরিষ্কার রাখার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মল বাংলার উদ্যোগকে সামনে রেখেই এগনো হবে পঞ্চায়েতের পক্ষ থেকে। একই সঙ্গে শৌচাগার সংক্রান্ত সমস্যারও যথাসম্ভব সমাধান করা হবে বলে জানা গেছে।

মহিলাদের পক্ষ থেকে শান্তি মুন্ডা, মলিনা বর্মণ সহ কয়েকজন বলেন, সবকিছুতে সরকারের ভরসায় না থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে পরিবেশ পরিষ্কার করার কাজে হাত দিলে সরকারের পাশাপাশি উপকার হবে এলাকার বাসিন্দাদেরও।

Developed by DXDasia