
কলকাতা বিশ্ববিদ্যালয় গত দুই বছরে পিছিয়ে থাকলেও, এবার অনেকটাই এগিয়ে এসেছে
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যা ঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকা প্রত্যেক বছর প্রকাশিত হয়। গতকাল সোমবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, গোটা দেশে বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে নাম রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। দেশের সমস্ত প্রতিষ্ঠান মিলিয়ে কলকাতা পঞ্চম স্থানে। পশ্চিমবঙ্গ থেকে আর একটি মাত্র বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে প্রথম দশে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মিলিত তালিকায় ষষ্ঠ স্থানে ছিল। এবারও একই জায়গায় আছে। উল্লেখযোগ্যভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় গত দুই বছরে কিছুটা পিছিয়ে থাকলেও এবার অনেকটা এগিয়ে এসেছে। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় বিভাগে ১৬তম স্থানে ছিল কলকাতা। ২০১৮ সালে ছিল ১৪তম স্থানে। এবার অনেকটা উঠে এসে পঞ্চম স্থান দখল করেছে।
উল্লেখ্য, কৃষি, একশো দিনের কাজ-সহ বেশ কিছু পরিষেবায় গোটা দেশে প্রথম স্থান অর্জন করেছিল বাংলা। এবার শিক্ষাক্ষেত্রেও পেল সেই সম্মান। সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শংসাপত্র ও মেডেল তুলে দেন। রাজ্যের দুই সেরা বিশ্ববিদ্যালয়ের মুকুটে আরও একটি পালক যোগ হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-সহ ছাত্রছাত্রীরাও।
