
অভিনেতা নিমু ভৌমিক প্রয়াত
মারা গেলেন অভিনেতা নিমু ভৌমিক। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। কয়েকদিন আগেই এই অভিনেতাকে হাসপাতাল থেকে গড়িয়ার কানুনগোর পার্কের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৫ সালে অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্ম হয়েছিল নিমু ভৌমিকের। কলেজে পড়ার সময়ে কলকাতা চলে আসেন। অভিনয়ের প্রতি আগ্রহ ছিল স্কুল জীবন থেকেই। অল্প বয়সেই তিনি অভিনয়ের জগতে পা রাখেন। ‘শৌভনিক’ নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোটো বউ’, ‘সাহেব’, ‘নবাব’, ‘মঙ্গলদীপ’, ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’-এর মতো ছবিতে তাঁর সাবলীল অভিনয় নজর কেড়েছে দর্শকদের। কৌতুকাভিনেতা হোক বা খলনায়ক – তিনি সব চরিত্রেই দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
