ভুয়ো খবর রুখতে নয়া পরিষেবা আনল হোয়াটসঅ্যাপ

অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে না গ্রাহকদের

ভুয়ো খবরের বাড়বাড়ন্ত রুখতে ভোটের মুখে নতুন আপডেট প্যাচ বাজারে ছাড়ল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই সর্বশেষ আপডেট প্যাচ ইনস্টল করে নিলে সংশ্লিষ্ট গ্রাহককে তাঁর অনুমতি ছাড়া কেউ কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন না।

নতুন পরিষেবার জন্য গ্রাহকে হোয়াটসঅ্যাপের সেটিংসে ঢুকে ‘নো বডি’, ‘মাই কন্ট্যাক্টস’, এবং ‘এভরিওয়ান’-এর মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। ‘নো বডি’ বাছার পর কোনো ব্যক্তি যদি গ্রাহককে কোনো একটি গ্রুপ্রে যুক্ত করতে চান, তাহলে সংশ্লিষ্ট গ্রাহকের অনুমতি লাগবে। ‘মাই কন্ট্যাক্টস’ বেছে নিলে গ্রাহকের কন্ট্যাক্ট লিস্টের যে কেউ তাঁকে যুক্ত করতে পারবেন কোনো একটি গ্রুপে। এই দু’ক্ষেত্রেই ব্যক্তিগত মেসেজের মাধ্যমে গ্রুপে যুক্ত হওয়ার ইনভিটেশন আসবে গ্রাহকের কাছে। গ্রাহক ৭২ ঘণ্টার মধ্যে তাতে সাড়া দিয়ে গ্রুপে যুক্ত না হলে তিন দিন পর নিজে থেকেই সেই ইনভিটেশন নিষ্ক্রিয় হয়ে যাবে। ‘এভরিওয়ান’ বিকল্প বেছে নিলে অবশ্য সংশ্লিষ্ট গ্রাহককে আগের মতোই অনুমতি ছাড়া যে কোনো গ্রুপে অ্যাড করা যাবে। 

বুধবার হোয়াটসঅ্যাপ নতুন আপডেট প্যাচ বাজারে ছাড়ার কাজ শুরু করেছে। সারা পৃথিবীর সব জায়গাতেই তা মিলবে খুব তাড়াতাড়িই।

Developed by DXDasia