নতুন প্রজাতির লেপার্ড-সহ একাধিক প্রাণী, ফুল, অর্কিডের খোঁজ নেওড়া ভ্যালিতে

নতুন সমীক্ষায় চাঞ্চল্যকর প্রাপ্তি

রাজ্য তথা দেশের অন্যতম গভীর অরণ্য গোরুমারা বনবিভাগের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। অসংখ্য গাছ-ফুল-অর্কিড ও বন্যপ্রাণের গর্ভগৃহ বলা চলে এই অরণ্যকে। কিছুদিন আগেই নেওড়া ভ্যালির প্রায় এগারো হাজার ফুট উচ্চতায় সমীক্ষা চালিয়েছিলেন ১৫ জন বিশেষজ্ঞের একটি দল। উদ্দেশ্য নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্যের অনুসন্ধান। সেই সমীক্ষা থেকেই চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে জীববিজ্ঞানীদের হাতে। নেওড়া ভ্যালিতে খোঁজ মিলেছে সাতটি নতুন বিড়াল প্রজাতির প্রাণী, ১৫টি নতুন প্রজাতির মাছি, ৫ প্রজাতির ব্যাং, ৩ প্রজাতির মথ, অর্কিড ও নতুন প্রজাতির ফুল-সহ ৩২টি নতুন প্রজাতির। এই রাজ্যে এইসব প্রাণীরা আছে, জানা ছিল না এতদিন। এই প্রাপ্তি নিঃসন্দেহে বেনজির।

১৮৮ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দুর্গম জাতীয় উদ্যান এমনিতেই অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ-প্রাণী-অর্কিডের আশ্রয়স্থল। এখানে রয়াল বেঙ্গল টাইগারের দেখাও মিলেছে। এছাড় নতুন সমীক্ষায় সন্ধান পাওয়া গেছে ক্লাউডেড লেপার্ড, গোল্ডেন চাট, গোরাল, এশিয়াটিক ব্যাক বেয়ারের মতো বিড়াল প্রজাতির প্রাণীর। খোঁজ মিলেছে একটি গন্ধযুক্ত বুনো জবারও। এছাড়াও অসংখ্য কীটপতঙ্গ, অর্কিড, ব্যাং, মথ, বনজ উদ্ভিদের সন্ধানও মিলেছে। বোটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন এই নতুন পাওয়া উদ্ভিদ, ফুলের। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের এই বিপুল জীববৈচিত্র্যকে সংরক্ষণ করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

Developed by DXDasia