
রাতের কলকাতায় দুর্ঘটনা রুখতে নতুন নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুলিশ
বেশি রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে নতুন নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুলিশ। যেসব বার, ক্লাব বা রেস্তোরা রাত বারোটার পরও খোলা রাখতে চায় তাদের মালিক এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে স্থির হয়, পানশালাগুলি থেকে বেরোনোর সময় গাড়ির চালকদের বিশেষ পরীক্ষার সম্মুখীন হতে হবে। ব্রেথ অ্যানালাইজারে যদি প্রমাণ হয় চালক গাড়ি চালানোর পক্ষে অনুপযোগী অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে তাদের গাড়িচালক বা ক্যাব ভাড়া নিতে হবে পানশালা থেকে। এই ব্যবস্থা চালু করতে প্রাথমিকভাবে বেসরকারি ক্যাব সংস্থাগুলির সাহায্য নেওয়া হবে। এই নির্দেশ কার্যকর করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের বার, ক্লাব এবং রেস্তোরাকে এই ব্যবস্থা চালু করতে বলা হয়েছে।
