তৈরি হচ্ছে নবান্নের নতুন টাওয়ার

১২ তলার এই টাওয়ার তৈরি করা হবে বর্তমান ভবনের ঠিক পাশেই

পশ্চিমবঙ্গের প্রশাসনিক দপ্তর নবান্ন সম্প্রসারিত হবে। বর্তমান ভবন লাগোয়া দশ কাঠা সরকারি জমিতে তৈরি হতে চলেছে ‘নবান্ন টাওয়ার ২’। এই বিল্ডিং হবে ১২ তলার। নতুন এই ভবন নির্মাণের দায়িত্বে পূর্ত দপ্তর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রায় ২৫ কোটি টাকা খরচ হবে এই নতুন বিল্ডিং বানাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা, আগামী দু’বছরের মধ্যেই শেষ হোক কাজ।

ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে নতুন অফিসারদের বসার জায়গার অভাব তো আছেই, পাশাপাশি অর্থ, আইন, স্বরাষ্ট্র, পূর্ত দপ্তরের বেশ কিছু বিভাগ ছড়িয়ে-ছিটিয়ে আছে এখনও। মুখ্যমন্ত্রী চান, এক ছাদের তলায় না হলেও, লাগোয়া দুটি ভবনে আসুক গুরুত্বপূর্ণ দপ্তরগুলি। নতুন ‘নবান্ন টাওয়ার ২’-তে সংযোজিত হবে প্রায় ৭০ হাজার বর্গফুট। তৈরি হবে পার্কিং স্পেসও। সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনাও চলছে নতুন ভবনটিতে।

একইসঙ্গে, সরকারি দপ্তরগুলি মহাকরণে ফেরার সম্ভাবনাও ফিকে হয়ে এল অনেকটাই।

Developed by DXDasia