ভাইফোঁটা নয়, ভগিনীদ্বিতীয়া: বোনফোঁটার নতুন মন্ত্র লিখলেন মেয়েরাই

‘যমুনা যমের প্রিয় অতি/আমার বোন চির-আয়ুষ্মতী’—বোনফোঁটার নতুন মন্ত্র

বেশ কয়েকবছর আগে কলকাতার বাড়িতে নাকি বোনফোঁটাও চালু করেছিলেন তসলিমা নাসরিন। তারপর, নানা জায়গাতেই এখন বোনফোঁটার উৎসব হয়। সেখানে ভাইফোঁটার ছড়াকেই সামান্য বদলে ব্যবহার করেন অনেকে। ভাইফোঁটার ছড়ায় দীর্ঘদিনের সংস্কৃতি লেপ্টে। সেই ছড়ার জন্মদাত্রীও বাংলার মহিলারাই। এবারে সেই মহিলারাই যদি ফের নতুন করে লেখেন বোনফোঁটার মন্ত্র। নিজের ফেসবুক ওয়ালে অনেকটা এমন প্রস্তাবই রেখেছিলেন রেখেছিলেন শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সাড়া দিয়ে বোনফোঁটার নতুন মন্ত্র লিখেও ফেললেন কয়েকজন। ফেসবুকে সেই মন্ত্র এখন ভাইরাল।

বোনফোঁটার মন্ত্র যাঁরা লিখেছেন, তাঁদের অন্যতম তৃষ্ণা বসাক। সেই মন্ত্রে ভাতৃদ্বিতীয়া হয়েছে ভগিনীদ্বিতীয়া। খানিক মজার ছলে লেখা ছড়া থুড়ি মন্ত্রটি সুপাঠ্য নিঃসন্দেহে। 

‘(অমৃত আর গরল মথিয়া
এসে গেছে আজ ভগিনীদ্বিতীয়া)
নতুন যুগের নতুন সুর।
বোন না যেও দূর।।
বোনের কপালে দিলাম ফোঁটা ।
ভায়েরা প্লিজ দিও না খোঁটা।।
যমুনাকেও দিলাম ফোঁটা ।
যম দেখে ভয়ে কাঁটা!
তুমি আমার বোন হয়ো।
বছর বছর ফোঁটা নিও।।’

স্বাতী ভট্টাচার্যও লিখেছেন বোনফোঁটার নতুন ছড়া। সেখানে ভাইফোঁটার ছড়ায় বোনা পুরুষ-কেন্দ্রিক অনুষঙ্গটাকেই বদলে নিয়েছেন তিনি। স্বাতী লিখেছেন–
‘শিশিরজলে চন্দনবাটা
বোনের কপালে দিলাম ফোঁটা
বোনের হবে সকল ভাল
বোন করবে জগৎ আলো
যমুনা যমের প্রিয় অতি
আমার বোন চির-আয়ুষ্মতী।
পুনশ্চ: ‘বোন’-এর পরিবর্তে ‘সই’ বললেও দিব্যি লাগসৈ হয়।’

ফেসবুকে চোখে পড়েছে বোনফোঁটার কয়েকটি ছবিও। বোনফোঁটার ছড়া লেখার প্রস্তাব যিনি রেখেছিলেন, সেই শর্মিষ্ঠা জানাচ্ছেন, এই উদ্যোগের মূলে আসলে বোন আর বোনের মধ্যে সম্পর্ক ঘন করার চেষ্টা। “একটি মেয়ের প্রতি আরেকটি মেয়ের বিষোদ্গার তৈরি করে চলেছে এই পুংসমাজ। প্রতিটি সিরিয়ালে জটিলা কুটিলা হীন চক্রান্তকারী চরিত্রে নারীর আধিক্য! কেন জানি না আমার বারবার ওই ঘটনাটা মনে পড়ে যায়, নবনীতা দেবসেনের প্রচেষ্টায় আশাপূর্ণাদেবীর জ্ঞানপীঠ পুরস্কার লাভ! এই হলো সিসটারহুড! এসব নিয়ে লেখালেখি মুন্ডু হয়। যাইহোক আমাদের সিস্টারহুড জারি রইবে।”—নিজের ফেসবুকে লিখেছেন শর্মিষ্ঠা। 

এখন দেখার বোনফোঁটার এই নতুন মন্ত্রদের কতখানি গ্রহণ করে দিদি-বোনেরা। 
ছবিঋণ: শ্রবণা ভুঁইঞা এবং তর্পিণী ভুইঞা
 

Developed by DXDasia