
পুরসভাকে অত্যাধুনিক যন্ত্র দিয়েছে আবাসন নির্মাতাদের সংগঠন
এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু নির্ধারণ করতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। ডেঙ্গু হদিস সঠিকভাবে মিলেছে কিনা, তা নিয়েও সন্দেহ থেকে যায় ডাক্তারদের মধ্যে। এবার, কলকাতা পুরসভা এমন যন্ত্র বসাচ্ছে, যার মাধ্যমে নিশ্চিতভাবে মাত্র ৪৫ মিনিটে ডেঙ্গু নির্ধারণ করা যাবে। পাশাপাশি, ডেঙ্গু ছাড়াও এইচআইভি, হেপাটাইটিস বি এবং সি, টিবি, ম্যালেরিয়ার পরীক্ষাও করা যাবে এই যন্ত্রে।
অত্যাধুনিক এই যন্ত্রের নাম রিয়েল টাইম পলিমারেজ চেন রিঅ্যাকশন মেশিন। এই ৪টি আরটি-পিসিআর মেশিন পুরসভার হাতে তুলে দিয়েছে আবাসন নির্মাতাদের সংগঠন ক্রেডাই বেঙ্গল। প্রত্যেক যন্ত্রের বাজারমূল্য ১৫ লক্ষ টাকা। ভারতের মধ্যে কলকাতাই একমাত্র পুরসভা, যারা এই যন্ত্র ব্যবহার করছে।
প্রথম ধাপে হাতিবাগান, হাজি মহম্মদ মহসিন স্কোয়ার এবং পুর পর্ণশ্রীর স্বাস্থ্যকেন্দ্রে বসানো হয়েছে যন্ত্রগুলি। পুরসভার ১৬টি বরোতেই পরবর্তীকালে এই অত্যাধুনিক যন্ত্র চালু করার পরিকল্পনা নিয়েছেন পুরকর্তারা।
