‘আইস জ্যাকেট’ পরে ভোটের ডিউটিতে চারপেয়ে প্রহরীরা

ডগ স্কোয়াডের সারমেয়দের জন্য নতুন জ্যাকেট আমদানি লালবাজারের

ভরা গ্রীষ্মেই হবে আসন্ন লোকসভা ভোট। আর ভোট এলেই ডিউটি বাড়ে ওদের। চড়া রোদে ডিউটি করতে করতে যাতে ‘হিট স্ট্রোক’ থাবা না বসায়, তার জন্য আনা হচ্ছে বিশেষ ‘আইস জ্যাকেট’।

কথা হচ্ছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণ-প্রাপ্ত সারমেয়দেরকে নিয়ে। যাদের সহকর্মীর মর্যাদাই দেয় লালবাজার। ভোট এলেই ডিউটি বাড়ে এই চারপেয়ে-বাহিনীর। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের ৪৮টি কুকুরের মধ্যে ২৯টি কুকুর বিস্ফোরক খুঁজে বের করতে সক্ষম। ভোটের সময় রাস্তায় সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখলেই তাই তলব পড়ে তাদের। সঙ্গে আছে ভিভিআইপি-দের জন্য ডিউটি। নানা জনসভার মঞ্চ-পরীক্ষা। এরপরে ভোটযন্ত্র চলে এলে স্ট্রং রুমেও টানা নজরদারিতে থাকতে হবে তাদের।

প্রচণ্ড গরমে এত ডিউটির মধ্যে হিট স্ট্রোক থাবা বসাতেই পারে যখন-তখন। সেই বিপদ কমাতেই নিয়ে আসা হয়েছে মার্কিনি সংস্থার তৈরি বিশেষ ‘আইস জ্যাকেট’। এগুলো গায়ে দিয়েই এখন থেকে ডিউটি করবে ওরা। ফলে, হিট স্ট্রোকের সম্ভাবনা কমবে। সঙ্গে, খাবারের মেনুতে থাকবে বেশি করে গ্লুকোজ ও টক দইয়ের ঘোল। দিনে বেশ কয়েকবার করে সাঁতারও কাটবে কুকুর বাহিনীর সদস্যরা। গরমকে জব্দ করেই ডিউটিতে ঝাঁপাতে প্রস্তুত শহরের চারপেয়ে প্রহরীরা।    
 

Developed by DXDasia