
রাজ্যের প্রায় ৩৩শতাংশ পরিবার স্বাস্থ্যবীমার আওতায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প ‘স্বাস্থ্যসাথি’তে যুক্ত হতে চলেছে রাজ্যের আরও কয়েক লক্ষ পরিবার। ইতিমধ্যেই এ নিয়ে স্বাস্থ্যভবন থেকে ফাইল গিয়েছে অর্থ দপ্তরে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে পঞ্চায়েত ভোটের আগেই এই ঘোষণা হতে পারে।
স্বাস্থ্য দপ্তর ও নবান্ন সূত্রের খবর, এ বছর প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) রাজ্যের ৪০ লক্ষ পরিবারের হাতে স্বাস্থ্যসাথি কার্ড তুলে দেওয়া হয়েছিল। এই প্রকল্প অনুযায়ী, সুবিধাভোগীর পরিবার বার্ষিক দেড় লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবে। ক্যানসার, হার্টের অসুখ, নিউরো, অর্থোপেডিক সমস্যা ইত্যাদি জটিল অসুখে এই বিমার পরিমাণ হবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, রাজ্যে প্রায় ২ কোটি ৩ লক্ষ পরিবার আছে। তার মধ্যে স্বাস্থ্যসাথির আওতায় এসেছে ৪০ লক্ষ। এছাড়া রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার আওতায় এসেছে আরও ৬৫ লক্ষ পরিবার। সব মিলিয়ে রাজ্যের এক কোটি পরিবার সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় এসেছে। সবচেয়ে বড় কথা হল, আশা কর্মী, আইসিডিএস কর্মী, স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত কর্মী, সিভিক ভলান্টিয়ারসহ বিভিন্ন সরকারি প্রকল্পে নিযুক্ত ঠিকাকর্মীদের এই প্রকল্পের আওতায় আনা হলেও রাজ্য সরকারি বা সরকার পোষিত সংস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করা হাজার হাজার ঠিকাকর্মী এখনও এই প্রকল্পের বাইরে। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজে নিযুক্ত ঠিকাকর্মীদের পরিবার এবার যুক্ত হতে পারে স্বাস্থ্যসাথিতে।
