
নতুন ক্যালেন্ডার নিয়ে বিপুল সাড়া আদিবাসী মহলে
বঙ্গভূমের ক্যালেন্ডারে এতদিন ব্রাত্যই ছিল আদিবাসী পরবগুলি। অথচ, বাঙালির ‘বারো মাসে তেরো পরব’-এর হাজিরা মোটামুটি মিলত ক্যালেন্ডারে। হয়তো তিথি-নক্ষত্রের জটিলতায় সব দিনক্ষণ হুবহু মিলত না। তবু দুর্গাপুজো, ভাইফোঁটা বা জগদ্ধাত্রী পুজোর উল্লেখ থাকতই। কিন্তু, বাহা, সহরায় কিংবা বাঁধনা পরবের খোঁজ করলেই ক্যালেন্ডার নিশ্চুপ। এবারে সেই ইতিহাস বদলাতে চলেছে। সামনেই নববর্ষ। ইতিমধ্যেই বাজার ছেয়ে গেছে নতুন ক্যালেন্ডারে। সেখানেই চমক। আদিবাসী সমাজের কথা ভেবে ছাপা হয়েছে নতুন ক্যালেন্ডার।
এই ক্যালেন্ডারে দুর্গাপুজো, ইদ, বড়োদিনের পাশাপাশি ঠাঁই পেয়েছে করম, দাঁশাই, বাহা পরবের দিনক্ষণও। চিহ্নিত করা হয়েছে সিধো-কানহো-বিরসাদের আত্মবলিদানের দিবস। এই নতুন ক্যালেন্ডারে বাংলা ছাড়াও ইংরেজি, ওড়িয়া ও অলচিকি হরফে তারিখ ছাপা রয়েছে। গত কয়েকবছর ধরেই আদিবাসীদের পরবের দিন-ক্ষণ-তারিখ সমেত ক্যালেন্ডার ছাপা হচ্ছিল। কিন্তু, এইবারে সেই ক্যালেন্ডারের চাহিদা ও যোগান দুই-ই অনেক বেশি। তাছাড়া, এই ক্যালেন্ডার একেবারেই আদিবাসী সমাজের কথা ভেবেই তৈরি। ক্যালেন্ডারে রয়েছে আদিবাসী নায়ক-নায়িকার ছবিও। স্বাভাবিকভাবেই নতুন ক্যালেন্ডার কিনতে বর্ধমান জেলার আদিবাসীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। ২০-৩০ টাকায় বিকোচ্ছে এই নতুন ক্যালেন্ডার। বিক্রেতারা জানাচ্ছেন, বর্ধমান ছাড়াও অন্যান্য জেলাতেও এই ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়ার ভাবনা তাঁদের রয়েছে।
