
সকাল ছ’টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে বাস
দুর্গাপুজোর দিনগুলিতে সকাল ছ’টা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে ১১০০টি সরকারি বাস। প্রতিবন্ধী ও বয়স্কদের জন্যও চালু করা হচ্ছে লাক্সারি ট্যাক্সি চড়ে পুজো ভ্রমণের পরিষেবা। ইতিমধ্যেই সরকারি বাস চালকের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ২৭০ জন নতুন বাসচালক নিয়োগ করা হবে। মহালয়া থেকে শুরু হবে এই পরিষেবা। পুজোর ক’টাদিন যাতে মানুষ ভালো ভাবে চলাফেরা করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য পরিবহন দপ্তর। দপ্তরের তরফে জানানো হয়েছে, এই সময় বিভিন্ন রাজ্যে থেকে যেমন মানুষ আসেন ঠাকুর দেখতে তেমনি আসেন অনেক বিদেশীরাও। দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য এই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তার সঙ্গে থাকছে ভেসেল চড়ে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে বিসর্জন দেখা। লাক্সারি ট্যাক্সির জন্য তৈরি করা হচ্ছে অ্যাপও। জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানা গেছে, অ্যাপের মাধ্যমে লাক্সারি ট্যাক্সি বুক করা যাবে। তার সঙ্গে বিমানবন্দর থেকে লাক্সারি ট্যাক্সির মাধ্যমে পর্যটকদের হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়ারও ব্যবস্থা থাকবে। প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য মহালয়া থেকেই স্পেশাল ট্যাক্সির বুকিং করা যাবে। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই পরিষেবা।
