ভোটের বাজারে অঞ্জনের জোড়া উপহার

প্রায় এক দশক পরে নতুন অ্যালবাম। সঙ্গে নতুন নাটকও

ভোটের বাজারে নিত্যদিনই নানা নতুন কিছু দেখছেন, গিলছেন সাধারণ মানুষ। রোজ নতুন নতুন রসায়ন, বদলে যাওয়া অঙ্ক। দলে যোগদান, দল ছাড়া। গ্রীষ্মপোড়া এই ভোট-মুখর শহরেই দুটি টাটকা ‘নতুন’ খবর নিয়ে আসছেন অঞ্জন দত্ত। না, এই দুই নতুন-এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই।

অঞ্জনের ছ’টি নতুন গানের নতুন অ্যালবাম প্রকাশ পেতে চলেছে আর কদিনের মধ্যেই। প্রায় এক দশক আগে শেষ অ্যালবাম বেরিয়েছিল তাঁর। অনুরাগীদের কিঞ্চিৎ বেশিই অপেক্ষা করালেন অঞ্জন। অবশ্য, এর মধ্যে সিনেমায় তাঁর গান পেয়েছেন শ্রোতারা। এই নতুন অ্যালবামেও অঞ্জন দত্তর নিজস্ব ঘরানা উপুড় করা থাকবে বলেই জানাচ্ছেন গায়ক।

আর, এরই পাশাপাশি মঞ্চে আসতে চলেছে অঞ্জন নির্দেশিত নতুন নাটক ‘সেলসম্যানের সংসার’। আগামী ১১ ও ১২ এপ্রিল জ্ঞানমঞ্চে অভিনীত হবে আর্থার মিলারের ‘ডেথ অফ এ সেলসম্যান’ অবলম্বনে তৈরি হওয়া এই নতুন নাটক। নাটকের গল্প নির্বাচনে অঞ্জন সবসময়েই আন্তর্জাতিক। সমাপতিত করেছেন সেইসব গল্পকে বাংলার মঞ্চেও। এক্ষেত্রেও তার অন্যথা হবে না।

ভোটের বাজারে অঞ্জনের এই দুই নতুন উপহার কতখানি টাটকা বাতাসের যোগান দেয়, সেটাই দেখার।  

ছবি- সেবব্রত সাহা এবং ফেসবুক (সংগৃহীত)

Developed by DXDasia