
অনেকে কিনতে চাইলেও ঐতিহ্যবাহী এই হারমোনিয়াম কাউকে দিতে নারাজ তিনি
নেতাজি পরিচালিত রিলিফ ট্রেন থেকে সংগ্রহ করা হারমোনিয়াম। আর সেই হারমোনিয়াম নিয়েই গর্বের শেষ নেই সুশ্বেতা বসুর। শিলিগুড়ির আশ্রমপাড়ার বাসিন্দা তিনি। জানান – ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯২২-২৩ সালে শিলিগুড়িতে একবার এসেছিলেন বন্যার সময়। ত্রাণ নিয়ে একটি বিরাট ট্রেন এসেছিল শিলিগুড়িতে। আর সেই ট্রেনেই ছিল হারমোনিয়ামটি। নেতাজির পরিচালনায় আসা রিলিফ ট্রেন থেকে আমার দাদু স্বর্গীয় সুরেন্দ্রনাথ দত্ত মাত্র পাঁচটাকা দিয়ে এই হারমোনিয়ামটি সংগ্রহ করেছিলেন। সেই হারমোনিয়ামই আমার গান শেখার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় পরবর্তীতে।’
মা ঊষারানি গুহ থেকে সুশ্বেতা বসু – সকলেরই সঙ্গীতচর্চায় ভূমিকা রেখেছে হারমোনিয়ামটি। ডাবল রিডের এই হারমোনিয়াম সুশ্বেতাদেবী সংস্কার করেছেন একবার। নেতাজির ছবিও লাগিয়ে রেখেছেন তাতে। অনেকে কিনতে চাইলেও ঐতিহ্যবাহী এই হারমোনিয়াম কাউকে দিতে নারাজ তিনি। স্মৃতি আর সঙ্গীত নিয়েই পথ চলার ইচ্ছা তাঁর।
