চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য সন্তোষ রাণার দেহ দান করা হল

প্রয়াত নকশাল নেতা সন্তোষ রাণা

প্রয়াত নকশাল নেতা সন্তোষ রাণা। বিংশ শতকের ছয় ও সাতের দশকে বাংলার উত্তাল রাজনীতির একটি উজ্জ্বল নাম সন্তোষ রাণা। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কমিউনিস্ট পার্টির প্রতি আকৃষ্ট হন। তারপর আদর্শগতভাবে সশস্ত্র পথকেই বেছে নেন। একটু একটু করে রাজনৈতিক চেতনার বদল ঘটতে থাকে। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার পর পদার্থবিদ্যায় এসএসসি পরীক্ষা দিলেন, অর্জন করলেন প্রথম স্থান। তারপর গবেষণা করতে করতেই নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৭৭ সালের বিধানসভা নির্বাচনে, জেলে বসেই লড়ে তিনি গোপীবল্লভপুর আসনে জিতেছিলেন। 

শনিবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সন্তোষ রাণা। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বয়স হয়েছিল ৭৭  বছর। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘রাজনীতির এক জীবন’-এর জন্য ২০১৮ সালে আনন্দ পুরস্কারে ভূষিত হন। সন্তোষ রাণার শেষ ইচ্ছে অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য তাঁর দেহ দান করা হবে।

Developed by DXDasia