পঞ্চাশ বছরে নকশালবাড়ি বিপ্লবতীর্থ

আসছেন বাংলাদেশ থেকে বামপন্থীরাও

এ বছর নকশালবাড়ির ঐতিহাসিক আন্দোলনের পঞ্চাশ বছর। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গন্তব্যস্থল হয়ে উঠেছে নকশালবাড়ি। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা সম্প্রতি নকশালবাড়িতে এক আদিবাসী পরিবারে গিয়ে কলাপাতায় মধ্যাহ্নভোজন সারেন। তারপর সেই পরিবার নিয়ে টানাটানির রাজনীতিও শুরু হয়। ইতিমধ্যে সিপিএম সেখানে গিয়ে সভা করে। কংগ্রেসও তাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে সভা করেছে নকশালবাড়িতে। নকশালপন্থী দলগুলো নকশালবাড়ি আন্দোলনের পঞ্চাশ বছর পালনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। নকশালপন্থী দলগুলোর মধ্যে অন্যতম হল সিপিআইএমএল লিবারেশন। আগামী ২৫ মে সেই শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সমাবেশের ডাক দিয়েছে। দলের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল শিলিগুড়িতে জানিয়েছেন, পঁচিশে মে দুটো মিছিল বের হবে। দুটোই আসবে যতীনদাস পার্কে। একটি মিছিল বের হবে জংশন থেকে, অপরটি এনজেপি থেকে। সেই সমাবেশে আসছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সইফুল হক ছাড়াও মহারাষ্ট্রের লাল নিশানের সদস্যরা সহ আরও অনেকে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্তারা উপস্থিত হবেন। কার্তিকবাবু স্বীকার করলেন, বিপ্লবভাবনার থেকেও এই মুহূর্তে তাঁদের কাছে চিন্তার বিষয় সাম্প্রদায়িকতা।

 

Developed by DXDasia