
গ্রেফতারও হতে পারেন নওয়াজ?
পাকিস্তানের সুপ্রিমকোর্ট শুক্রবার নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছে। কিন্তু তা কত দিনের জন্য? সেটা স্পষ্ট নয়। অধিকাংশ আইন বিশেষজ্ঞ মনে করছেন, এই সময়সীমা তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিনই প্রযোজ্য হবে। অনেকে বলছেন, এ মামলায় নওয়াজের কারাদণ্ডও হতে পারে।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ১৯৭৬ সালের জনপ্রতিনিধিত্ব আইন (আরওপিএ) অনুসারে, পাকিস্তানের সংবিধানের ৭৮ অনুচ্ছেদে এবং আইনের ৮২ ধারা অনুসারে, এ ধরনের দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে ৩ বছরের কারাদণ্ড বা আর্থিক জরিমানা অথবা দু’ধরনের সাজাই হতে পারে এক সঙ্গে।
এদিকে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নওয়াজ । পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে দিলেন দেশটির সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনটি ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে পাঞ্জাবের মুরি শহরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাই।
প্রধানমন্ত্রী পদে নির্বাচন হবে আগামীকাল। পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট মামনুন হুসাইন। মঙ্গলবার ওই অধিবেশন বসছে। নওয়াজের পদত্যাগের পর ক্ষমতাসীন দল পিপলস মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করে। কিন্তু তিনি প্রাদেশিক পরিষদের সদস্য না হওয়ায় আপাতত এক জন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হচ্ছে। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পিএমএল-এনের নেতা শহিদ খোকন আব্বাসি।
রিভিউয়ের প্রস্তুতি: সুপ্রিমকোর্টের রায়ে রিভিউ আবেদনের প্রস্তুতি নিচ্ছেন নওয়াজের আইনজীবীরা। এদিকে রায় পুনর্বিবেচনার আহ্বান জানাল ডন পত্রিকা। বিতর্কিত রায়কে পুনর্বিবেচনার জন্য সুপ্রিমকোর্টের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন। রবিবার পত্রিকাটির এক সম্পাদকীয়তে বলা হয়, সুপ্রিমকোর্টের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে রায় দেয়া উচিত, যেটি পরে হঠকারী সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়ে বিতর্কের জন্ম না দেয়।
এদিকে সরকারি সূত্রের খবর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নওয়াজের ভাইপো! পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী হলে তার জায়গায় কে আসছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনায় নাম আসছে তার ছেলে হামজা শরিফ ও তিনজন প্রাদেশিক মন্ত্রীর। শাহবাজ চাইছেন তার ছেলে হামজা শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করা হোক।
