
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে তাদের নাগরিকত্ব আটকে দেয় পাকিস্তান সরকার
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানে আটকে আছে বিপুল সংখ্যক বাঙালি। বর্তমানে এ সংখ্যা অন্তত ২৮ লাখ – এমন পরিসংখ্যানই প্রকাশিত হয়েছে বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যমে। এবার আটকে পড়া সেসব বাঙালিদের নাগরিকত্ব দিতে চলেছে পাকিস্তান সরকার। পাকিস্তান টুডে ও টাইমস অব ইসলামাবাদের খবরে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের অন্তত ১৫ লাখের বাস বাস করাচি ও তার আশপাশের শহরে। বাংলাদেশ স্বাধীন লাভের আগে থেকেই তাঁদের সেখানে বাস। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে তাদের নাগরিকত্ব আটকে দেয় পাকিস্তান সরকার। করাচিতে তাঁদের জন্য তৈরি করা হয় ক্যাম্প। সম্প্রতি দেশটির সামা টিভির এক খবরে বলা হয়, দেশটির নাগরিকত্ব যাচাইকরণ সংসদীয় কমিটি পাকিস্তানের শাসনতন্ত্র সংশোধনের মাধ্যমে আটকে পড়া বাঙালিদের বৈধ করার প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি সহজ নয়। এজন্য পাকিস্তানের নাগরিকত্ব আইন সংশোধন করতে হবে।
জানা গেছে, করাচিতে প্রায় ১০৫টি বাঙালি বস্তি রয়েছে। তাঁরা সবাই পাকিস্তানের নাগরিকত্ব পেতে আগ্রহী। আটকে পড়া বাঙালিদের অনেকেরই জন্ম পাকিস্তানে।
