দেশের জার্সি পরার স্বপ্ন দেখছেন দেবজিৎ

আটলেটিকো দি কলকাতা টিমের সঙ্গে দু-বছরের চুক্তি হল তাঁর

দেবজিৎ মজুমদারের সঙ্গে প্রায় এক কোটি টাকার চুক্তি করল আটলেটিকো দি কলকাতা। তবে, এখনও সরকারিভাবে কলকাতা টিমের সঙ্গে চুক্তি হওয়ার কথা স্বীকার করেননি এই গোলকিপার। তাঁর মতে, ‘মোহনবাগান ছেড়ে যদি কোথাও যাই, যেটা কলকাতা টিমই।’ তবে সূত্র মারফত জানা গেছে, দু-বছরের জন্য দেবজিৎকে সই করিয়েছে কলকাতা।

প্রসঙ্গত, কলকাতার সমপরিমাণ টাকা ইস্টবেঙ্গলও দিতে চেয়েছিল দেবজিৎকে। কিন্তু তাতে আমল দেননি তিনি। তাঁর মতে, ‘আমার সব কিছু মোহনবাগান থেকেই। এই ক্লাব যদি আমাকে সুযোগ না দিত তাহলে আজ আমি এই আলোচনার জায়গাতেই আসতে পারব না। তাই আমার চরম দুর্বলতা রয়েছে মোহনবাগান নিয়ে। এই দুর্বলতা থেকেও যাবে।’

মোহনবাগান ছাড়লেও, কলকাতার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর মোহনবাগান যদি আবার চায় তাঁকে, অন্য সব প্রস্তাব ফেলে মোহনবাগানেই ফিরবেন – জানিয়েছেন দেবজিৎ।

অন্যদিকে, দেশের জার্সি পরে মাঠে নামার স্বপ্ন এখনও বুকে পুষে রেখেছেন তিনি। ক্লাবে নিজেকে উজাড় করে দেওয়ার পাশাপাশি দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই তাঁর প্রধান লক্ষ্য এখন।

Developed by DXDasia