৬০ ফুট উঁচু ক্যানভাসে নখ দিয়ে ছবি এঁকে রেকর্ড শিলিগুড়ির ‘আঁকার মাস্টারের’

এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠার অপেক্ষা

বড়ো বড়ো ক্যানভাস জুড়ে নখের আঁচড়েই ফুটে উঠছে ছবি। আর সেই সূত্রে শিল্পী অজয় সরকার নাম তুলে ফেলেছেন এশিয়া বুক অফ রেকর্ডেও। ভারতের সেরা একশো জন চিত্রকরের তালিকাতেও নাম উঠেছে তাঁর। এখন গিনেস বুকে নাম তোলার চেষ্টা চালাচ্ছেন শিলিগুড়ির বাঘাযতীন কলোনির ‘আঁকার মাস্টার’ অজয়বাবু।

প্রথাগত নাম ‘নেইল ব্রাশ পেইন্টিং’। ক্যানভাস প্যাস্টেল রঙে রাঙিয়ে তারপর নখ দিয়ে খুঁটে খুঁটে ফুটিয়ে তুলতে হয় ছবি। অত্যন্ত কঠিন এই আঙ্গিকেই একের পর ছবি এঁকে চলেছেন অজয়বাবু। পেশায় আঁকার শিক্ষক। নেই কোনো আর্ট কলেজের প্রথাগত শিক্ষা। তারপরেও ছাত্র-ছাত্রীদের জলরং, তেলরং, প্যাস্টেল, ক্যালিগ্রাফি—সবই শেখান তিনি। এরই পাশাপাশি শুরু হয় নেইল ব্রাশ পেইন্টিং। বিরাট বিরাট ক্যানভাসে ছবি আঁকাই নেশা তাঁর। ৫৪ ফুট বাই ৫ ফুটের ক্যানভাসে ছবি এঁকে ২০১৩ সালে নাম উঠেছিল লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ডে। তারপর, ৬০ ফুট বাই ৫ ফুটের ক্যানভাসে ছবি এঁকে নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডেও। এ বছরই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতিও মিলেছে। বাকি রয়েছে শুধু গিনেস বুকে নাম ওঠা।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ ও খরচসাপেক্ষ। আঁকার টিউশনি করে জীবিকা নির্বাহ করা অজয়বাবুর পক্ষে সেই টাকা জোগাড় করাটাই কঠিন। সেই চেষ্টাই চালাচ্ছেন তিনি। সঙ্গে জুড়ে রয়েছে আঁকা। নখকেও যে তুলি বা কলমের মতো ব্যবহার করা যায়, শেখাচ্ছেন শিলিগিড়ির এই আঁকার মাস্টার।     

Developed by DXDasia