এবার নাগপুরে গো-রক্ষা বাহিনীর তাণ্ডব

জানা গিয়েছে ওই চার জনই স্থানীয় বিধায়ক বাচু কাদুর ‘প্রহর’ সংগঠনের সদস্য

দেশের প্রধানমন্ত্রী যতই বার্তা দিন না কেন, থামছে না গো-রক্ষা বাহিনীর তাণ্ডব। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের নাগপুর। নাগপুরের ভারসিঙ্গি এলাকায় স্কুটারের ডিকিতে বাজার নিয়ে যাচ্ছিলেন স্থানীয় যুবক সেলিম ইসমাইল শাহ। স্কুটার থামিয়ে তাঁর ওপর চড়াও হয় চার জনের একটা দুষ্কৃতি দল। স্কুটারে গো-মাংস আছে এই অভিযোগ তুলে সেলিমকে বেধড়ক মারধর করে তারা। লাথি, কিল, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি। গুরুতর আহত অবস্থায় সেলিম হাসপাতালে ভর্তি।

অভিযুক্ত চার জনকেই আটক করেছে নাগপুর থানার পুলিশ। জানা গিয়েছে ওই চার জনই স্থানীয় বিধায়ক বাচু কাদুর ‘প্রহর’ সংগঠনের সদস্য। দুদিন আগেই দেশের বাজার হাটে গবাদি পশুর মাংস বিক্রির নিষেধাজ্ঞার নির্দেশে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও স্ব-নিযুক্ত গো-রক্ষকদের যে বিশেষ হেলদোল নেই, তা আরেকবার প্রমাণ করল বুধবারের নাগপুরের ঘটনা।

Developed by DXDasia