সার্ক চলচ্চিত্র উৎসবে জয়জয়কার ‘নগরকীর্তন’-এর

সেরা ছবির শিরোপা-সহ চার-চারটি পুরস্কার জয়

শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত নবম সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা-সহ চার-চারটি পুরস্কার ছিনিয়ে নিল বাংলা ছবি ‘নগরকীর্তন’। বাংলা ছবির ক্ষেত্রে এই সাফল্য নজিরবিহীন। সেরা ছবির শিরোপা ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং ছবিতে ব্যবহৃত সেরা গানের জন্য পুরস্কার পেয়েছেন নগরকীর্তনের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, মুখ্যাভিনেতা ঋদ্ধি সেন এবং সুরকার প্রবুদ্ধ ব্যানার্জী। এই সাফল্যের পর নগরকীর্তনের গোটা টিমকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকারও।

বয়সে অপেক্ষাকৃত নবীন হলেও সার্ক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম নাম। এহেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নগরকীর্তনের সাফল্য নিঃসন্দেহে বাংলা ছবির ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ঘটনা। এর আগে জাতীয় পুরস্কারের মঞ্চেও চারটি পুরস্কার জিতে নিয়েছিল সমপ্রেমের ছবি নগরকীর্তন। সেখানে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা অভিনেতার শিরোপা জিতে নিয়েছিলেন ঋদ্ধি সেন। ঋদ্ধি এবারে সার্কের আন্তর্জাতিক মঞ্চেও সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন। জাতীয় পুরস্কার না পেলেও এই উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সুরের জন্ম দিয়ে পুরস্কৃত হয়েছেন এই ছবির সুরকার প্রবুদ্ধ ব্যানার্জিও। 

একজন রূপান্তরকামী পুরুষের প্রেম ও জীবনের পথচলাকে বুনেছে নগরকীর্তন। এর আগেও সমপ্রেমকে অবলম্বন করে ‘আরেকটি প্রেমের গল্প’ তৈরি করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। নগরকীর্তনের মধ্যেকার প্রেম-দ্বন্দ্বটি যেন আরো নিবিড়। সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শকদেরও ছুঁয়ে গেছিল এই ছবি। বাড়তি পাওনা আন্তর্জাতিক স্বীকৃতি ও শিরোপা।  

আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবির গৌরবের দিন যে বিগত নয়, তা আরেকবার প্রমাণ করল নগরকীর্তন।       
 

Developed by DXDasia