আগামীকাল থেকে শহরে ‘নববর্ষ বই উৎসব ১৪২৬’

আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড

নববর্ষ প্রাক্কালে প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হতে চলেছে নববর্ষ বই উৎসব ১৪২৬। পাঁচ বছর পূর্ণ করে ছয়ে পড়বে এই বই উৎসব। বাংলা প্রকাশনা জগতের প্রায় সব নামী বইয়ের স্টল থাকছে। পাশাপাশি থাকছে কারুশিল্পের স্টলও। স্টল সংখ্যা প্রায় ৭০। প্রতিদিন গান করবেন বিশিষ্ট শিল্পীরা। নববর্ষ উপলক্ষ্যে এই আট দিন সব প্রকাশকদের বই বিক্রির ওপর ২০ শতাংশ ছাড় থাকবে। বইপাড়া মেতে উঠবে বই উৎসবে। এতদিন অনেক প্রকাশকই নতুন বই প্রকাশ করতেন নববর্ষে। কিন্তু নববর্ষের সময়ে বই প্রকাশকে কেন্দ্র করে পুরো বইপাড়া মেতে ওঠার মতো ঘটনা প্রতিবছর ঘটান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল থেকে বই উৎসব শুরু হচ্ছে। বিকেল ৫-৩০টায় কলেজ স্কোয়ারে এই বই উৎসব উদ্বোধন করবেন কবি শঙ্খ ঘোষ। এছাড়াও উপস্থিত থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, নবনীতা দেবসেন, বুদ্ধদেব গুহ, শংকর, সঞ্জীব চট্টোপাধ্যায়, বাণী বসু, স্বপ্নময় চক্রবর্তী প্রমুখ।

Developed by DXDasia