অভিনব পদ্ধতিতে সরষে আর মসুর চাষ একই জমিতে

পথ দেখাচ্ছে হিঙ্গলগঞ্জ কৃষি খামার

একই জমিতে পাশাপাশি ফলবে সরষে আর মুসুর। শুধু তাই নয়, সেই জমিতেই হবে আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, গাজর, মুলোর চাষ। সারিতে ধানচাষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এভাবেই ফসল উৎপাদন শুরু হয়েছে উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ কৃষি খামারে।

এবারই প্রথম উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে এই পদ্ধতিতে সরষে আর মুসুরের চাষ। অনেক কম খরচেই ফসল উৎপাদন করা যাবে এতে। সুবিধে জমিতে সার, সেচ এবং নিড়ানি দিতেও। বীজ লাগবে কম, ফলন হবে অনেক বেশি। যেখানে সাধারণ চাষে এক হেক্টরে ৯/১০ কিলো বীজ প্রয়োজন হয়, সেখানে হেক্টর প্রতি ৪ থেকে ৫ কিলো বীজেই কাজ চলে যাবে। এসবের সঙ্গে সঙ্গে বাড়তি সুবিধে হল, এই পদ্ধতিতে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম। সহজে পর্যবেক্ষণ করা যায়। তাই সহজ হয় জমি ও ফসলের পরিচর্যা। চাষি এবং ফার্মের মালিকরা সারিতে সরষে আর মুসুরের চাষ করে উপকৃত হবেন। ইতিবাচক প্রভাব থাকবে রাজ্যের কৃষি অর্থনীতিতেও।

সারিতে চাষ করলে গাছের বৃদ্ধি ভালো হবে। ২৫ থেকে ৩০ সেন্টিমিটার ব্যবধান রেখে দুই সারির মাঝখানে সাথী চাষ হিসেবে আলাদা আলাদা সবজি ফলবে পাশাপাশি।
 

Developed by DXDasia