
জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের শতবর্ষে বিশেষ প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান
জালিওয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ঘটনার প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ‘খুনি বৈশাখী’ গানটি বেঁধেছিলেন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নানক সিং। বাংলায় জালিয়ানওয়ালা বাগের স্মৃতিতে গান বেঁধেছিলেন হেমাঙ্গ বিশ্বাসও। সেইসব গানই ফিরে আসবে আজকের সন্ধেয়। জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের শতবর্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গনে ‘মিউজিক অ্যান্ড মেমোরিজ ফ্রম পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল’ শীর্ষক অনুষ্ঠানে গাইবেন পাঞ্জাবের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হরপ্রীত সিং, মৌসুমী ভৌমিক এবং হেমাঙ্গ বিশ্বাসের কন্যা রঙ্গিলী বিশ্বাস।
এই অনুষ্ঠানের পরেই শুরু হবে একটি প্রদর্শনী। ‘ওয়েজ অব রিমেমবারিং জালিয়ানওয়ালা বাগ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর’স রেসপন্স টু দ্য ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর মূল পরিকল্পনা শর্মিষ্ঠা দত্ত গুপ্ত-র। প্রদর্শনীটির শিল্প নির্দেশনায় রয়েছেন কলাভবনের শিক্ষক সঞ্জয়ন ঘোষ। এই প্রদর্শনী আসলে একটি জনস্মৃতির র্নির্মাণ। সেই সময়ের একাধিক সংবাদপত্রের প্রতিবেদন, চিঠি, নথিপত্র ছাড়াও এই প্রদর্শনীতে থাকছে অডিও ভিজুয়াল মাধ্যমের ব্যবহারও। গোটা প্রদর্শনীর সজ্জা সেদিনের বীভৎস স্মৃতিকে উস্কে দেবে। স্মৃতি মাত্রেই সুখের হয় না, এবং সব ক্ষত ভুলতেও নেই—এই বার্তাই আজ উঠে আসবে ভিক্টোরিয়ায়।
