দেশভাগ নিয়ে মিউজিয়ামের প্রস্তাব কলকাতায়

সাম্প্রতিককালে পাঞ্জাবের অমৃতসরেও দেশভাগের স্মৃতি নিয়ে তৈরি হয়েছে মিউজিয়ম

দেশভাগের পরে কেটে গেছে সত্তর বছর। এখনও তার চিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে ইতিউতি। সেইসব নিদর্শন নিয়েই এবার একটি মিউজিয়াম তৈরি করার প্রস্তাব উঠল ভারতীয় জাদুঘর আয়োজিত দু’দিনের আলোচনাচক্রে। দেশভাগের করুণ ইতিহাস ও তার সম্পর্কে তরুণ প্রজন্মকে ওয়াকিবহাল করাই এই মিউজিয়াম তৈরির অন্যতম উদ্দেশ্য হিসেবে উঠে এসেছে আলোচনায়।

দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশভাগ সংক্রান্ত গবেষকরা কলকাতায় জড়ো হয়েছিলেন এই আলোচনাচক্রে যোগ দিতে। তাঁদের কথায়, বার্লিনের হলোকস্ট মেমোরিয়াল কিংবা নম পেনের কিলিং ফিল্ডস, এমনকী সাম্প্রতিককালে পাঞ্জাবের অমৃতসরেও দেশভাগের স্মৃতি নিয়ে তৈরি হয়েছে মিউজিয়ম। কলকাতাতেও তেমনটাই তৈরি করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।

প্রেসিডেন্সি নিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঋতুপর্ণা রায়ের মতে, দেশভাগ নিয়ে তৈরি সাহিত্য, পেন্টিং, আলোকচিত্র, সঙ্গীত – সবই গুরুত্ব পাবে মিউজিয়ামে। সঙ্গে থাকবে উদ্বাস্তুদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, এমনকি ব্যক্তিগত স্মৃতিচারণও। আবার, আলোচনাচক্রের প্রধান উদ্যোক্তা নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওব ওয়েলিংটনের ইতিহাসের অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশভাগের গল্প বলতে গেলে পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়।’ ধর্মের ভিত্তিতে হওয়া এই দেশভাগের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাসের পর্যালোচনাই কাম্য, এমনটাই জানান তিনি।  

Developed by DXDasia