দল ছাড়ছেন মুকুল, কোথায় যাচ্ছেন বললেন না

মুকুলকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

দল মুকুল রায়কে আগেই সমস্ত সংসদীয় কমিটি থেকে, সহ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিল। সোমবার তিনি ঘোষণা করলেন তিনি দল ছাড়ছেন। তৃণমূলের কোর কমিটি থেকে সরে গেলেন, তবে সদস্যপদ, সাংসদ পদ এখনও থাকল। মুকুল রায় বলেছেন, পুজোর পর রাজ্যসভার সাংসদপদ থেকেও ইস্তাফা দেবেন তিনি। আজ সকালে নিজাম প্যালেসে এই সিদ্ধান্তের কথা জানান মকুল। বলেন, আজই তিনি ই–মেল করে দলের কর্মসমিতির পদ থেকে ইস্তফা দুচ্ছেন৷ কিছুদিনের মধ্যে দলের প্রাথমিক সদস্যপদ ও পুজোর পর রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তাফা দেবেন। মুকুলের এই ঘোষণার পরেই বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস। দুপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছয় বছরের জন্য মুকুল রায়কে সাসপেন্ড করা হল। সাময়িক বহিষ্কারের কারণ হিসেবে পার্থ বলেন, কেন্দ্রীয় সংস্থার চাপে পড়ে নিজের স্বার্থে কাজ করছেন মুকুল রায়।দলকে বিপাকে ফেলেছেন তিনি। পার্থ জানান, মুকুলের নিষ্ক্রিয়তা ভাঙাতে সুব্রত বক্সি এবং তিনি নিজে সক্রিয় হয়েছিলেন। দলের পক্ষে তাঁকে সতর্ক করা হয়েছে। তবে 'কয়েরকদিন ধরে' যে সমস্ত কাজ তিনি করেছেন তা তৃণমূল অনুমোদন করে না। তাই এই বহিষ্কারের সিদ্ধান্ত। পার্থ আরও বলেন, যাচ্ছি যাচ্ছি তো বলছেন, কিন্তু যাচ্ছেন না কেন?

আসলে মুকুল রায়ের দল থেকে বেরিয়ে আসা ছাড়া অন্য পথ ছিল না। কিন্তু তিনি কোথায় যাবেন তা নিয়ে এখনও ঘোর অনিশ্চয়তা। তাই তিনি কিছুটা সময় নিচ্ছেন।

তিনি কি নতুন দল গড়বেন? নাকি যোগ দেবেন বিজেপি–তে? এই সব প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি৷ এই সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখন পুজো চলছে। এ সময় বেশি কিছু বলতে চাই না। এটা সঠিক সময় নয়। আমি বাধ্য হয়েছি। এর কারণ পুজোর পর জানাব’। তিনি আরও বলেন, ‘১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে আমি দলের সঙ্গে রয়েছি। আমি ব্যথিত। এই মুহূর্তে আমি দলের পদাধিকারী নই। পুজোর পর রাজ্যসভার সাংসদপদ থেকেও ইস্তাফা দেব।’

Developed by DXDasia